কেপটাউন, ২২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাধ্যমতো চেষ্টা করেছিলেন রাহুল দ্রাবিড় আর বিরাট কোহলি। কিন্তু অ্যাডাম গিলক্রিস্ট আর রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে ডেকান চার্জার্সের তোলা ৬ উইকেটে ১৮৪ রানের স্কোর টপকে যেতে পারেননি তারা। ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রানের বেশি তুলতে না পারায় নিজেদের দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেতে হয়েছে বেঙ্গালুরুর রয়্যাল চ্যালেঞ্জার্সকে।
বুধবার কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের একমাত্র ম্যাচে হায়দ্রবাদের দল ডেকান চার্জার্স জিতেছে ২৪ রানে।
চার্জার্সদের এই জয়ের ভিতটা গড়ে দিয়েছেন গিলক্রিস্ট আর শর্মা। পাঁচটি করে ছক্কায় সাজানো গিলক্রিস্টের ৪৫ বলে ৭১ আর শর্মার ৩০ বলে ৫২ রানের ইনিংস দুটোই তাদের এনে দিয়েছে ১৮৪ রানের বড় সংগ্রহ।
জবাব দিতে নেমে ৬২ রানে চার উইকেট হারিয়ে ফেলার পর দ্রাবিড় (২৭ বলে ৪৮, দুটি ছক্কা ও পাঁচটি বাউন্ডারি) আর কোহলি (৩২ বলে ৫০, সাতটি বাউন্ডারি) লড়াইয়ের আমেজ ফিরিয়ে এনেছিলেন খানিকটা। কিন্তু শেষ পর্যন্ত আর চার্জার্সদের ধরতে পারেনি চ্যালেঞ্জার্সরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০০১৫ ঘ.
bdnews24