২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা চুক্তি থেকে যা পেল বাংলাদেশের ক্রিকেট

স্থানীয় কোচ এবং আম্পায়ারদের প্রশিক্ষিত করার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম সহযোগিতা চুক্তিটা ছিল পাঁচ বছরের। ২০০৬ সালে মেয়াদ পুরো করা ওই চুক্তির জন্য কোনো অর্থ তারা নেয়নি। তবে ২০০৭ সালে নবায়ন করা দুই বছরের চুক্তির জন্য বিসিবি'কে গুণতে হয়েছে প্রায় তিন কোটি টাকা। যে চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক। অবশ্য এ বছরের মার্চে শেষ হওয়া এই চুক্তি থেকে বাংলাদেশ ব্যাপক লাভবান হয়েছে বলেই দাবি করেছেন অস্ট্রেলিয়ার সেন্টার অফ এক্সেলেন্সের ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার রস টার্নার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, ২২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- স্থানীয় কোচ এবং আম্পায়ারদের প্রশিক্ষিত করার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম সহযোগিতা চুক্তিটা ছিল পাঁচ বছরের। ২০০৬ সালে মেয়াদ পুরো করা ওই চুক্তির জন্য কোনো অর্থ তারা নেয়নি। তবে ২০০৭ সালে নবায়ন করা দুই বছরের চুক্তির জন্য বিসিবি'কে গুণতে হয়েছে প্রায় তিন কোটি টাকা। যে চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক। অবশ্য এ বছরের মার্চে শেষ হওয়া এই চুক্তি থেকে বাংলাদেশ ব্যাপক লাভবান হয়েছে বলেই দাবি করেছেন অস্ট্রেলিয়ার সেন্টার অফ এক্সেলেন্সের ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার রস টার্নার। বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তুলে ধরলেন গত দুই বছরের সাফল্যের খতিয়ান। মোটা অঙ্কের অর্থ ঢালা খুবই যৌক্তিক হয়েছে বলে দাবি তার, কারণ গত দুই বছরে তারা ৩৪৫ জন আম্পায়ার এবং ৩১০ জন কোচকে প্রশিক্ষিত করে গেছেন। পাশে বসা বিসিবি গেম ডেভলপমেন্টের ডেপুটি এডুকেশন ম্যানেজার আশফাকুল ইসলামও টার্নারের দাবির প্রতি জোর সমর্থন দিলেন। তার ভাষায়, "আগে একেকজন কোচ একেকভাবে কোচিং করাতেন। কিন্তু এখন আমরা বাংলাদেশে একমুখী কোচিং পদ্ধতি চালু করেছি। তাই এখন যদি কোনো ছেলে ফ্রন্টফুট শট খেলা শিখতে চায়, তাহলে সে একাধিক কোচের কাছে গেলেও ঠিক একই শিক্ষা পাবে।" দুই বছর মেয়াদী চুক্তির ফলও বাংলাদেশ হাতেনাতেই পেতে শুরু করেছে বলেও জানালেন আশফাকুল, "এই প্রোগ্রামের সুফল চোখের সামনেই দেখা যাচ্ছে। বয়সভিত্তিক পর্যায়ে আমরা এখন আমাদের কোচদেরই নিয়োগ দিচ্ছি। আগে এই পদে থাকতেন বিদেশীরা। এখন দেখুন বাংলাদেশ অনুর্ধ্ব-১৫, ১৭ এবং ১৯ দলের হেড কোচ হিসেবে বাংলাদেশী কোচরাই আছেন।" আশফাকুল আরো জানালেন, এই প্রোগ্রাম থেকে কোচদের প্রশিক্ষক বের করা গেছে ৫৪ জন। বিসিবি এদের নিয়োগও দিয়েছে। যাদের মধ্যে অন্তত ৩০ জন দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছেন। এবং তারা একমুখী কোচিং পদ্ধতির শিক্ষাটা সেসব জায়গায় ছড়িয়ে দিচ্ছেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত নিয়ে খুবই আশাবাদী শোনালো টার্নারের কন্ঠ। খালেদ মাহমুদ ও খালেদ মাসুদের মতো জাতীয় দলের সাবেক অধিনায়কদের কোচিংয়ে এগিয়ে আসতে দেখে ভীষণ উচ্ছ্বসিত এই অস্ট্রেলিয়ান বললেন, "খেলোয়াড়দেরই ভালো কোচ হওয়ার সম্ভাবনাটা থাকে সবচেয়ে বেশি। কোচিংয়ের ব্যাপারে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের উৎসাহটা আমার খুব ভালো লেগেছে। গত কয়েক বছরে তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ।" বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সদ্য শেষ হওয়া চুক্তি নবায়ন করার কথাও তারা ভাবছেন। এবং আগামী ৯ মে পরিচালনা পর্ষদের সভায় বিষয়টা তোলা হবে বলেও তারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪৫ঘ.