কেপটাউন, ১৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃষ্টির ভয়ে ইংল্যান্ডের বদলে দক্ষিণ আফ্রিকাকে বেছে নেওয়া হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ভেন্যু হিসেবে। কিন্তু আইপিএলের দ্বিতীয় দিনেই আঘাত হেনেছে বৃষ্টি। দুদফা বৃষ্টি বিরতির পর ৬ ওভারের লটারিতে পরিণত হওয়া ম্যাচে রোববার দিল্লী ডেয়ারডেভিলস ১০ উইকেটে হারিয়েছে পাঞ্জাবের কিংস ইলেভেনকে।
ম্যাচ শুরুর আগের বৃষ্টি আর ভেজা মাঠের কারণে ২০ ওভারের বদলে এই ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে প্রথমে করা হয়েছিল ১২ ওভার। টস হেরে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাব ওই ১২ ওভারে তোলে ৭ উইকেটে ১০৪ রান। জবাব দিতে নেমে দিল্লি ডেয়ারডেভিলস ১.৫ ওভারে বিনা উইকেটে ২৪ রান তোলার পর আবার বৃষ্টি নামলে খেলার দৈর্ঘ্য কমে যায় আরেক দফা। আর তার ফলে বীরেন্দর শেবাগের দলের টার্গেটটা নেমে আসে ৬ ওভারে ৫৮ রানে। শেবাগ আর গৌতম গম্ভীর মিলে ৭ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলেন সেই টার্গেট। মাত্র ১৬ বলে চারটি বাউন্ডারি আর তিনটি ছক্কার সাহায্যে ৩৮ রান করে অপরাজিত ছিলেন শেবাগ, আর গম্ভীর করেছেন অপরাজিত ১৫ রান।
কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে রোববারের এই ম্যাচে কিন্তু পাঞ্জাবকে দারুণ সূচনাই এনে দিয়েছিলেন তাদের দুই ওপেনার করন গোয়েল আর রবি বোপারা। মাত্র ৬ ওভারে ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়ার পথে গোয়েল ২১ বলে তিনটি ছক্কা আর তিনটি বাউন্ডারির সাহায্যে করেছেন ৩৮ রান, আর ১৬ বলে ২২ রানের ইনিংসে দুটি ছক্কা মেরেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বোপারা।
তবে পর পর দুবলে তারা দুজন ফিরে যাওয়ার পর হঠাৎ করেই পথ হারিয়ে বসে কিংস ইলেভেন। নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির বাঁহাতি স্পিনে দিশেহারা পরের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র অধিনায়ক যুবরাজ সিংই (১১ বলে ১৬) বলার মতো রান করেছেন।
রাত ৮-৩০ মিনিটে শুরু হতে যাওয়া দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফি বিন মর্তুজার দল কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে ডেকান চার্জার্সের।
সংক্ষিপ্ত স্কোর
কিংস ইলেভেন পাঞ্জাব: ১২ ওভারে ১০৪/৭ (গোয়েল ৩৮, বোপারা ২২, যুবরাজ ১৬, সাঙ্গাকারা ৮, জয়াবর্ধনে ৬, পাঠান ৬, চাওলা ০, কোহলি ০*; ভেট্টোরি ৩/১৫, সালভি ১/১৭, মহেশ ১/২৫)
দিল্লী ডেয়ারডেভিলস : ৪.৫ ওভারে ৫৮/০ (শেবাগ ৩৮*, গম্ভীর ১৫*)
ফল : দিল্লী ১০ উইকেটে জয়ী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৪০ ঘ.
bdnews24