জোহানেসবার্গ, ১৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে হেরে গেলেও কোনো সমস্যা ছিল না দক্ষিণ আফ্রিকার। তবে অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটার গুরুত্ব ছিল অন্যখানে। ওয়ানডে র্যাংকিংয়ে দুই নম্বরে ফেরার জন্য ম্যাচটা তাদের জিততেই হতো। শুক্রবার পঞ্চম ও শেষ ওয়ানডেতে ঠিক সেই কাজটিই করেছে রিকি পন্টিংয়ের দল, দক্ষিণ আফ্রিকাকে ৪৭ রানে হারিয়ে ভারতকে সরিয়ে আবার ফিরেছে র্যাংকিংয়ের দুই নম্বরে।
জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলীয়দের বড় সংগ্রহের (৭ উইকেটে ৩০৩ রান) প্রধান ভিত্তি দুর্দান্ত এক উদ্বোধনী জুটি। মাইকেল ক্লার্ক ও ব্র্যাড হ্যাডিনের মধ্যে ১১৫ বল স্থায়ী যে জুটিতে ১২৭ রান পেয়েছে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা। জুটিটা ভেঙ্গেছে জেপি ডুমিনির দারুণ এক ক্যাচে। অ্যালবি মরকেলকে কাভারের ওপরের দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন হ্যাডিন। কিন্তু অনেকখানি দৌড়ে দারুণ দক্ষতার সঙ্গে বলটা তালুবন্দী করেছেন ডুমিনি। ৬৪ বলে খেলা হ্যাডিনের ৬২ রানের ইনিংসে ৭টি বাউন্ডারি ছাড়াও ছিল একটি ছক্কা।
১০ বাউন্ডারিতে ৬০ বলে ৬৬ রান করা মাইকেল ক্লার্কের বিদায়ের পেছনেও ডুমিনির বড় অবদান। হ্যাডিন আউট হওয়ার তিন ওভার পর রোলফ ফন ডার মারউইর বলে তার হাতেই ক্যাচ দিয়েছেন ক্লার্ক। তবে দুই ওপেনার অল্প সময়ের ব্যবধানে বিদায় নিলেও মাইকেল হাসি (৪৯*), ক্যালাম ফার্গুসন (৪১), পন্টিং (৪০) এবং নাথান হরিজের (২৪*) অবদানে তিন শ' পেরিয়েছে অস্ট্রেলিয়ার সংগ্রহ।
জবাব দিতে নেমে দলীয় ৪৬ রানে অধিনায়ক গ্রায়েম স্মিথকে (২০) হারালেও দ্বিতীয় উইকেটে হার্শেল গিবস ও জ্যাক ক্যালিসের ১২৪ বলে ১০৪ রানের জুটি জয়ের স্বপ্ন দেখাচ্ছিল প্রোটিয়াদের। কিন্তু আগের ম্যাচে সেঞ্চুরি করা গিবসকে (৮২) হরিজ এলবিডব্লু ও ক্যালিসকে (৬৪) নাথান ব্র্যাকেন কট বিহাইন্ডের ফাঁদে ফেললে থমকে যায় স্বাগতিকদের রানের গতি। ভালো ফর্মে থাকা এবি ডি ভিলিয়ার্স ৩৮ রান করলেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪ উইকেটে ২১৩ থেকে ২৫৬ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
৫৮ রানে ৩ উইকেট নেয়া মিচেল জনসন অস্ট্রেলিয়ার সেরা বোলার। তবে ব্যাটিংয়ের পর বল হাতেও (৯ ওভারে ৩৪ রানে ২ উইকেট) জ্বলে ওঠায় ম্যান অব দ্য ম্যাচ হরিজ। সিরিজ-সেরা নির্বাচিত হয়েছেন ৫ ম্যাচে ২৪০ রান করা ডি ভিলিয়ার্স।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ৩০৩/৭ (ক্লার্ক ৬৬, হ্যাডিন ৬২, হাসি ৪৯*, ফার্গুসন ৪১, পন্টিং ৪০, হরিজ ২৪*; ডুমিনি ৩/৪৮, মারউই ২/৪৪)
দক্ষিণ আফ্রিকা : ৪৫.৫ ওভারে ২৫৬ (গিবস ৮২, ক্যালিস ৬৪, ডি ভিলিয়ার্স ৩৮; জনসন ৩/৫৮, হরিজ ২/৩৪, ব্র্যাকেন ২/৫৪)
ফল : অস্ট্রেলিয়া ৪৭ রানে জয়ী
সিরিজ : দক্ষিণ আফ্রিকা ৩-২ ব্যবধানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : নাথান হরিজ
ম্যান অব দ্য সিরিজ : এবি ডি ভিলিয়ার্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৪৫ঘ.
bdnews24