চেন্নাই, ১৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকার সঙ্গে চতুর্থ ওয়ানডে শুধু সিরিজ হারই নিশ্চিত করেনি অস্ট্রেলিয়ার। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়েও অবনমন হয়েছে তাদের। অস্ট্রেলীয়দের অবস্থান এখন তৃতীয়।
২০০২ সালের অক্টোবরে এই র্যাংকিং শুরু হওয়ার পর এতটা নিচে কখনোই নামতে হয়নি বিশ্বকাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের। এই দীর্ঘ সময়ের মধ্যে শুধু ১০ মাসই শীর্ষস্থানে থাকতে পারেনি তারা। ঐ সময়টায় এক নম্বরে ছিল দক্ষিণ আফ্রিকা। বাকি সময়ে র্যাংকিংয়ের এক জায়গায় অস্ট্রেলিয়াকে কেউ চ্যালেঞ্জই জানাতে পারেনি। অক্টোবর ২০০২ থেকে জানুয়ারি ২০০৭ পর্যন্ত টানা ৫২ মাস ওয়ানডে র্যাংকিংয়ে সবার ওপরে জ্বলজ্বল করতো অস্ট্রেলিয়ার নাম।
কিন্তু তাদের সেই উচ্ছ্বাসে ভরা দিনগুলো এখন শুধুই স্মৃতি। গত সোমবার দক্ষিণ আফ্রিকার কাছে ৬১ রানের পরাজয় (যা এ বছর অস্ট্রেলিয়ার ৯ ম্যাচে সপ্তম হার) রিকি পন্টিংয়ের দলকে নামিয়ে দিয়েছে তিন নম্বরে। শীর্ষস্থান ধরে রেখেছে প্রোটিয়ারা, আর দুই নম্বরে উঠে এসেছে ভারত। অবশ্য শুক্রবার শেষ ওয়ানডেতে জিততে পারলে ভারতকে সরিয়ে আবার দুই নম্বরে চলে যাবে অস্ট্রেলিয়া।
টেস্ট র্যাংকিংয়ে অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছেন পন্টিংরা। সেখানে দুই নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা, আর তিনে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪৫ঘ.
bdnews24