লন্ডন, ১৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে হেরে গেলেও ওয়ানডে সিরিজ জিতেছে ইংল্যান্ড। সব মিলিয়ে ভারপ্রাপ্ত কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের পারফরম্যান্সে সন্তুষ্ট ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাই জিম্বাবুয়ের সাবেক তারকা ব্যাটসম্যানের ওপরে পুরোপুরি দলের দায়িত্ব সঁপে দিয়েছে তারা। অর্থাৎ এখন থেকে অ্যান্ডি ফ্লাওয়ার ইংল্যান্ড দলের প্রধান কোচ। যদিও পদটার নাম 'টিম ডিরেক্টর'।
প্রায় দু বছর সহকারী কোচের দায়িত্ব পালন করা ফ্লাওয়ারদের বড় ভাই গত জানুয়ারিতে পিটার মুরস বরখাস্ত হওয়ার পর অস্থায়ী ভিত্তিতে কোচ হয়েছিলেন ইংল্যান্ডের। কোচ হিসাবে তার প্রথম 'অ্যাসাইনমেন্ট' ছিল ওয়েস্ট ইন্ডিজ সফর। ১১ সপ্তাহের সেই সফর ভালো-মন্দ মিশিয়েই কেটেছে তার। টেস্ট সিরিজ ০-১ ব্যবধানে হেরে গেলেও ওয়ানডে সিরিজ পিছিয়ে পড়েও জিতে নিয়েছে ইংলিশরা। তাই প্রধান কোচ হিসাবে অ্যান্ডি ফ্লাওয়ারকে বেছে নিতে তেমন মুশকিলে পড়তে হয়নি ইসিবিকে।
যদিও এই পদের জন্য আবেদন করেছিল ৩০ জন। অ্যান্ডি ফ্লাওয়ার নিজে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে আবেদনের ব্যাপারে বেশ দ্বিধাগ্রস্ত ছিলেন, "ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার সময়ও এই কাজের জন্য আবেদনের ব্যাপারে মনের পুরোপুরি সায় আমি পাইনি। তবে সফরের মাঝামাঝি সময়েই মনস্থির করে ফেলি যে আমি আবেদন করবোই। দায়িত্বটা পেয়ে ভীষণ সম্মানিত বোধ করছি। আমার বিশ্বাস গত তিন মাসের অভিজ্ঞতা ভবিষ্যতে আমাকে ভালো সাহায্যই করবে। ঐ সফরে আমি ছিলাম অন্তর্র্বতী কোচ। এখন আমার ওপরে দলের পুরো দায়িত্ব। তাই সত্যি বলতে কি নিঃসন্দেহে বেশ কিছু পরিবর্তন হতে যাচ্ছে।"
ইংল্যান্ডের প্রধান কোচ হিসাবে অ্যান্ডি ফ্লাওয়ারের প্রথম প্রতিপক্ষও ওয়েস্ট ইন্ডিজ। আগামী মাসেই ক্যারিবীয়দের সঙ্গে ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে ইংলিশরা। এরপর টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়ার সঙ্গে অ্যাশেজের লড়াই। অর্থাৎ আগামী কয়েকটা মাস কঠিন পরীক্ষার সামনেই দাঁড়াবে হবে ৬৩ টেস্টে ৪,৭৯৪ ও ২১৩ ওয়ানডেতে ৬,৭৮৬ রান করা জিম্বাবুয়ের সফলতম ব্যাটসম্যানকে।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯১৫ঘ.
bdnews24