২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফির চুক্তি নিয়ে কোনো অনিশ্চয়তা নেই!

ব্লুমফন্টেইনে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সঙ্গে যোগ দেওয়া মাশরাফি বিন মর্তুজা তাদের হয়ে প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছেন। কিন্তু শাহরুখ খানের দলটি এখনো তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি না করায় অনিশ্চয়তা ঝরেছে খোদ বাংলাদেশ দলের সহ-অধিনায়কের কন্ঠেও। তবে দলটির পরিচালক জয় ভট্টাচার্য ব্লুমফন্টেইন থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন, মাশরাফির সঙ্গে তাদের ৬ লাখ ইউএস ডলারের চুক্তি অনিশ্চিত হয়ে যাওয়ার মতো কিছুই ঘটেনি। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, ১৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ব্লুমফন্টেইনে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সঙ্গে যোগ দেওয়া মাশরাফি বিন মর্তুজা তাদের হয়ে প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছেন। কিন্তু শাহরুখ খানের দলটি এখনো তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি না করায় অনিশ্চয়তা ঝরেছে খোদ বাংলাদেশ দলের সহ-অধিনায়কের কন্ঠেও। তবে দলটির পরিচালক জয় ভট্টাচার্য ব্লুমফন্টেইন থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন, মাশরাফির সঙ্গে তাদের ৬ লাখ ইউএস ডলারের চুক্তি অনিশ্চিত হয়ে যাওয়ার মতো কিছুই ঘটেনি। সই-স্বাক্ষরের আনুষ্ঠানিকতা এখনো না সারলেও তার বক্তব্য, "ধরে নিন, চুক্তিটা হয়েই গেছে।" কিন্তু কাগজ-কলমের পর্ব না চুকানো পর্যন্ত এতোটা নিশ্চিন্ত হওয়ার উপায় কী আছে? এ প্রশ্নে জয় ভট্টাচার্যের যুক্তি, "আরে, আইপিএলের নিলাম অনুষ্ঠান সারা দুনিয়ার লোক দেখেছে না? আমরা আরেকটা দলের সঙ্গে লড়াই করে ওকে কিনে নেওয়া মাত্রই ওর (মাশরাফি) টাকা নিশ্চিত হয়ে গেছে। কারণ এটা আমাদের কমিটমেন্ট। তাছাড়া টুর্নামেন্টের নিয়ম-কানুন বলেও তো একটা বিষয় আছে। কাউকে ঘটা করে কিনে নেওয়ার পর তার পুরো টাকা বুঝিয়ে দেওয়া ওই নিয়মের মধ্যেই পড়ে।" কলকাতা নাইট রাইডার্সের ওই বড় কর্তা আরো জানিয়েছেন, "এমন যদি হত যে, ক্যাম্পে যোগ দেওয়ার আগেই মাশরাফি ইনজ্যুরড হয়ে গেছে এবং এজন্য বেশ কিছুদিন খেলতে পারবে না, সেক্ষেত্রে হয়তো পুরো টাকা না দেওয়ার প্রশ্ন আসতো। কিন্তু মাশরাফি এখন আমাদের সঙ্গে ক্যাম্পেই আছে। ওর সঙ্গে চুক্তি করার আনুষ্ঠানিকতাই শুধু বাকি। ওর টাকা মার যাওয়ার প্রশ্নই ওঠে না। আমাদের সঙ্গে থাকার মানেই হচ্ছে এটা নিশ্চিত, ও টাকাটা পাবেই পাবে। আশা করছি কেকেআর-এর হয়ে মাশরাফি খেলবেও। ওর টাকা তো আমাদের বুঝিয়ে দিতেই হবে।" সবকিছুই যখন নিশ্চিত, তাহলে মাশরাফির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করতে এতো বিলম্বের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কেকেআর-এর পরিচালক বললেন, "আমাদের হিসাবরক্ষক এখনো এসে পৌছাননি। তিনি এখন মুম্বাইতে আছেন। তিনি দলের সঙ্গে এসে যোগ দিলেই চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সেরে ফেলবো আমরা।" মাশরাফির চুক্তি বিষয়ক ভুল বোঝাবুঝির অবসানে অচিরেই কেকেআর-এর তরফ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন জয় ভট্টাচার্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/ ১৭৩২ঘ.