২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তিতে পাঁচ নতুন মুখ

জাতীয় দলের ক্রিকেটারদের বেতন-ভাতা ৩০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের সভাতেই। এবার অনুমোদিত হল বর্ধিত বেতনের নতুন চুক্তিও। শনিবার পরিচালনা পর্ষদের ষষ্ঠ সভাশেষে চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে। নতুন এই চুক্তিতে একেবারেই নতুন মুখ আছেন পাঁচজন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2009, 01:21 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, ১১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জাতীয় দলের ক্রিকেটারদের বেতন-ভাতা ৩০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের সভাতেই। এবার অনুমোদিত হল বর্ধিত বেতনের নতুন চুক্তিও। শনিবার পরিচালনা পর্ষদের ষষ্ঠ সভাশেষে চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে। নতুন এই চুক্তিতে একেবারেই নতুন মুখ আছেন পাঁচজন।

গত জানুয়ারিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অভিষিক্ত পেসার রুবেল হোসেনের এই প্রথমবারের মতো ঠাঁই হল চুক্তিতে। পাঁচটি ক্যাটাগরিতে করা চুক্তির রুকি গ্রেডের (নবাগত ক্রিকেটারের জন্য যে চুক্তি) একমাত্র ক্রিকেটার তিনি। তার মতো এই প্রথম চুক্তিভুক্ত হলেন মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, ইমরুল কায়েস এবং মাহবুবুল আলম রবীনরাও। এই চারজনের সঙ্গে 'সি' গ্রেডে অন্তর্ভূক্ত অন্য তিনজন হচ্ছেন- মেহরাব হোসেন জুনিয়র, রকিবুল হাসান এবং নাজমুল হোসেন। গতবার চুক্তিতে না থাকলেও এর আগে পেসার নাজমুল বিসিবি'র চুক্তিতে ছিলেন।

চুক্তিতে সর্বোচ্চ পারিশ্রমিক যে ক্যাটাগরিতে, সেই 'এ প্লাস'এ আছেন জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গতবার 'বি' গ্রেডে থাকলেও এবার 'এ' গ্রেডে উঠে আসা আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন রাজীব ও মুশফিকুর রহিমদের সঙ্গে আছেন তামিম ইকবালও। যিনি গতবার ছয় মাসের চুক্তিতে ছিলেন 'সি' গ্রেডে। 'বি' গ্রেডে রাখা হয়েছে বাঁ হাতি পেসার সৈয়দ রাসেল এবং ওপেনার জুনায়েদ সিদ্দিকীকে।

এদিনের বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে জাতীয় দলের স্পনসরের কাছ থেকে যে অর্থ পাওয়া যায়, তার ১০ শতাংশ ক্রিকেটারদের দেওয়া হবে। আর ৫ শতাংশ জমা করা হবে ওয়েলফেয়ার ফান্ডে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/১৯২০ ঘ.