ঢাকা, ৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- খেলাঘর সমাজ কল্যাণ সমিতির প্রিমিয়ার ক্রিকেটে উত্তরণ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বৃহষ্পতিবার চলতি মৌসুমের প্রথম বিভাগ ক্রিকেট লিগের শেষদিনে তাদের সঙ্গে যোগ দিয়েছে কলাবাগান ক্রীড়া চক্রও। আগামী মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট লিগে এই দুটো দল এবার নেমে যাওয়া দুই দল সিটি ক্লাব এবং ইয়াং পেগাসাসের জায়গা নেবে।
খেলাঘরের সঙ্গী হবে কারা- কলাবাগান নাকি ইস্কাটন সুবজ সংঘ, এদিন ছিল সেই মীমাংসারই দিন। সুবিধাজনক অবস্থায় অবশ্য ছিল ইস্কাটনই। প্রিমিয়ারে উঠতে তাদের শেষ ম্যাচটায় জিতলেই চলত। সেক্ষেত্রে শেষ ম্যাচ জেতা কলাবাগানকে হতাশায়ই ডুবতে হত। কারণ দু'দলের পয়েন্ট সমান হয়ে গেলে বাইলজ অনুযায়ী প্রথম বিবেচ্য 'হেড টু হেড'। প্রথম পর্বের পর সুপার লিগেও কলাবাগানকে হারানো ইস্কাটন আসলে নিজেদের চরম ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলাঘরের মুখোমুখি হয়ে তারা ৩৩.২ ওভারে মাত্র ৮৫ রানে অলআউট হয়ে যায়। এই রান টপকে ৬ উইকেটের জয় পেতে খেলাঘরের লেগেছে ৩৪.১ ওভার। এই জয়ে প্রথম বিভাগের চ্যাম্পিয়ন হিসেবেই প্রিমিয়ারে উঠলো তারা। ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো তেজকুনিপাড়ার এই ক্লাবটি। আর এদিন ফতুল্লায় যাত্রাবাড়ী ক্রীড়া চক্রকে (৪৮.৩ ওভারে ১৭৩/১০) ৯ উইকেটে হারিয়ে রানার্স আপ হয়েছে কলাবাগান (৩৪.৩ ওভারে ১৭৭/১)। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট পাওয়া এই দলটির পক্ষে এদিন দুর্দান্ত এক ইনিংস খেলেছেন হাবিবুর রহমান। অবশ্য ১১৫ বলে ৯৯ রান করে আউট হওয়ার দুঃখেও পুড়েছেন তিনি। অপরাজিত ৭৫ রান করেছেন তারেক।
কেবলই আনুষ্ঠানিকতা সারার অন্য দুই ম্যাচে এদিন বারিধারা ডেজলার্স (১৯৮/১০) ১১ রানে আজাদ স্পোর্টিংকে (১৮৭/১০) এবং বাংলাদেশ বয়েজ (২৩৯/৭) ৩ উইকেটে ইন্দিরা রোডকে (২৪৬/৯) হারিয়েছে। রান তাড়ার সময় বৃষ্টি বাগড়া দেওয়ায় বাংলাদেশ বয়েজের টার্গেট পুনঃনির্ধারিত হয়েছিল ৩৯ ওভারে ২৩৯ রান। আজাদের ৭০ ও ফেরদৌসের ৫৫ রানের ইনিংসে ভর দিয়ে কঠিন এক টার্গেটে পৌছে যায় বাংলাদেশ বয়েজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.
bdnews24