চেন্নাই, ভারত, ৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- "আমার মনে হয় এটাই ভারতের সর্বকালের অন্যতম সেরা দল। আমার মনে কোনো সন্দেহই নেই যে এই দলটা ভবিষ্যতে আরো অনেক সাফল্য উপভোগ করবে"--- মুম্বাইয়ের ট্যাবলয়েড 'মিড ডে'কে দেয়া সাক্ষাতকারে ভারতের বর্তমান দল সম্পর্কে মনসুর আলী খান পতৌদির অভিমত। 'টাইগার' পতৌদির চেয়েও এক ধাপ এগিয়ে দিলীপ ভেংসরকার ও অজিত ওয়াদেকার। ভারতের সাবেক দুই অধিনায়কের মতে মহেন্দ্র ধোনির দলটাই তাদের দেশের ইতিহাসের সেরা দল।
পতৌদির নেতৃত্বে ১৯৬৮ সালে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। তারপর থেকে কিউইদের দেশে সফর তাদের জন্য ছিল শুধুই হতাশা আর হতাশা। এখন আর তা নেই। মঙ্গলবার ওয়েলিংটন টেস্টের শেষ দিনে বৃষ্টি বাঁচিয়ে দিলেও সিরিজ হার এড়াতে পারেনি ড্যানিয়েল ভেট্টোরির দল। গত নভেম্বরের ঘরের মাঠে র্যাংকিংয়ের সেরা দল অস্ট্রেলিয়াকে ২-০ তে হারানোর পর ইংল্যান্ডের বিপক্ষেও ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। অর্থাৎ এটা 'টিম ইন্ডিয়া'র হ্যাটট্রিক টেস্ট সিরিজ জয়।
ধোনির দলের এমন অসাধারণ সাফল্যে ওয়াদেকার-ভেংসরকাররা ভীষণ অভিভূত। ১৯৭১ সালে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতকে প্রথম বারের মতো টেস্ট সিরিজ জয়ে নেতৃত্ব দেয়া ওয়াদেকারের দৃঢ় বিশ্বাস, "অবশ্যই এটা ভারতের জন্ম দেয়া সর্বকালের সেরা দল। আমাদের কখনোই এতটা ব্যালান্সড দল ছিল না। আমাদের ব্যাটিং লাইনআপ বিশ্ব-সেরা। এবং বোলিং আক্রমণ যে কোনো কন্ডিশনকে কাজে লাগাতে সক্ষম।"
একটা সময় ছিল যখন দেশের বাইরে ভারতের ব্যর্থতা ছিল নিয়মিত ঘটনা। তবে গত কয়েক বছর ধরে বিদেশের মাটিতে ধারাবাহিকভাবেই সাফল্য পাচ্ছে তারা। ২০০৬ সালে দীর্ঘ ৩৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে এবং সে বছরই প্রায় দুই দশক পর ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতেছিল তারা। ঐ বছর দক্ষিণ আফ্রিকায় প্রথম বারের মতো টেস্ট জয় এবং ২০০৭এ প্রোটিয়াদের দেশেই প্রথম টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা 'টিম ইন্ডিয়া'র জন্য ছিল বিশাল অর্জন। ২০০৪এ অস্ট্রেলিয়াকে তাদেরই দেশে টেস্ট সিরিজে ১-১এ রুখে দেয়া এবং গত বছর সেখানে বিতর্কিত এক সিরিজে স্টিভ বাকনরের বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়ে ১-২ ব্যবধানে হেরে যাওয়ার কথাও বলতে হবে।
দেশের বাইরে এমন ধারাবাহিক সাফল্যের জন্যই এই দলকে অন্য সবার চেয়ে এগিয়ে রাখছেন ভারতের বর্তমান প্রধান নির্বাচক কৃষ্ণমাচারী শ্রীকান্তের আগে দায়িত্বটা পালন করা ভেংসরকার, "গত কয়েক বছর ধরে তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে আর প্রায়ই বিদেশের মাটিতে জয় পাচ্ছে। দেশের বাইরে টেস্ট ও ওয়ানডে জয়ই আসলে অন্য দলগুলোর সঙ্গে ওদের বড় পার্থক্য গড়ে দিয়েছে। অতীতের দলগুলো তো শুধু দেশেই বেশি জিততো।"
সুনীল গাভাস্কার অবশ্য এই বিতর্কে যাননি। তবে নিজের লেখা এক কলামে এই দলটির ব্যাটিং গভীরতাকে বর্তমান সময়ে 'অপ্রতিদ্বন্দ্বী' বলে উল্লেখ করেছেন ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার। এমনকি ভেট্টোরিও ধোনির দলের প্রশংসায় পঞ্চমুখ। নিউজিল্যান্ড অধিনায়কের মতে এই দলটা অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার চেয়েও বেশি শক্তিশালী!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/
bdnews24