মেলবোর্ন, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জানুয়ারিতে পায়ে অস্ত্রোপচারের পর থেকেই মাঠের বাইরে ছিলেন ব্রেট লি। পরিকল্পনা ছিল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দিয়েই মাঠে ফিরবেন অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার। তবে অতদিন অপেক্ষা করতে হচ্ছে না, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেই আবার অস্ট্রেলিয়ান দলের জার্সি পরে দেখা যেতে পারে তাকে। নির্বাচকরা এই সিরিজের জন্য বুধবার ঘোষিত দলে রেখেছেন তাকে, সেই সঙ্গে ইনজুরি কাটিয়ে ফিরছেন ওপেনার শন মার্শ আর অলরাউন্ডার শেন ওয়াটসনও।
লি আর মার্শকে ফিটনেস প্রমাণ করা সাপেক্ষে রাখা হয়েছে ১৪ জনের এই দলে, অন্য দিকে পিঠের ইনজুরির কারণে অনেকদিন দলের বাইরে থাকা ওয়াটসনকে নেওয়া হচ্ছে কেবল স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে অনুষ্ঠেয় এই সিরিজের জন্য অস্ট্রেলিয়ান দলে আছে আরো একটা নাম- অ্যান্ড্রু সাইমন্ডস। পারফরম্যান্স বা ইনজুরির কারণে নয়, অনিয়ন্ত্রিত জীবন-যাপন আর আচরণগত সমস্যার কারণে দল থেকে বাদ পড়েছিলেন এই অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ান দল : মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ব্র্যাড হ্যাডিন, ন্যাথান ব্র্যাকেন, ক্যালাম ফার্গুসন, ব্রেট গিভস, ন্যাথান হরিজ, বেন হিলফেনহস, জেমস হোপস, ডেভিড হাসি, বেন লাফলিন, ব্রেট লি, শন মার্শ, অ্যান্ড্রু সাইমন্ডস ও শেন ওয়াটসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯৫০ ঘ.
bdnews24