২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

''সবার ওপরে আমার নাম, ভাবতেই অবাক লাগে''

সুপার লিগে আবাহনীর বিপক্ষে ৯৭ এবং বিমানের সঙ্গে ৯৮ রানে আউট না হয়ে গেলে তার সেঞ্চুরি হত তিনটি। তবে ১৫ ম্যাচে সেঞ্চুরি একটি হলেও ৬৭৭ রান করা শামসুর রহমান শুভই সদ্য সমাপ্ত প্রিমিয়ার ক্রিকেট লিগের সেরা ব্যাটসম্যান। এমনকি ব্যাটিং গড়েও (৪৮.৩৫) সবার সেরা মোহামেডানের এই ব্যাটসম্যান। সোমবার সন্ধ্যায় বাসে চট্টগ্রাম যাওয়ার পথে টেলিফোনে দিলেন এই সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 02:33 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, ৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সুপার লিগে আবাহনীর বিপক্ষে ৯৭ এবং বিমানের সঙ্গে ৯৮ রানে আউট না হয়ে গেলে তার সেঞ্চুরি হত তিনটি। তবে ১৫ ম্যাচে সেঞ্চুরি একটি হলেও ৬৭৭ রান করা শামসুর রহমান শুভই সদ্য সমাপ্ত প্রিমিয়ার ক্রিকেট লিগের সেরা ব্যাটসম্যান। এমনকি ব্যাটিং গড়েও (৪৮.৩৫) সবার সেরা মোহামেডানের এই ব্যাটসম্যান। সোমবার সন্ধ্যায় বাসে চট্টগ্রাম যাওয়ার পথে টেলিফোনে দিলেন এই সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: প্রিমিয়ার লিগ শুরুর সময় টপ স্কোরার হওয়ার ভাবনা এসেছিল? শামসুর রহমান শুভ: আমি ভাবিনি তবে আমার বন্ধু শুভ (সোহরাওয়ার্দী শুভ, মোহামেডানের অধিনায়ক) ভেবেছিল। লিগ শুরুর সময় ও আমাকে বলেছিল, "তুই এবার নাম্বার ওয়ান ব্যাটসম্যান হবি।" আমি তো হেসেই উড়িয়ে দিয়েছিলাম। এখন তো দেখছি ওর কথাই ফলে গেল। আমার টপ স্কোরার হওয়ার পেছনে কোচ বাবুল ভাইয়েরও (মিজানুর রহমান বাবুল, মোহামেডানের কোচ) দারুণ ভূমিকা। উনি সবসময় আমাকে মানসিকভাবে সাহস জুগিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: জাতীয় দলের ক্রিকেটাররা পুরো লিগেই খেললেন। তাদের সবাইকে ছাড়িয়ে লিগের সেরা ব্যাটসম্যান হওয়াকে নিশ্চয়ই বড় কৃতিত্ব বলেই মনে হচ্ছে। শামসুর রহমান শুভ: (হাসি....) তা তো একটু মনে হচ্ছেই। জাতীয় দলের কতো বড় বড় নাম এবং তাদের সঙ্গে আরো কতো ক্রিকেটার। অথচ ব্যাটিংয়ে সবার ওপরে আমার নাম। ভাবতেই অন্যরকম লাগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: যে মোহামেডান সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ে, তারা হল তৃতীয়। সেরা ব্যাটসম্যান হওয়ার সাফল্যের মাঝেও এটা কী পোড়াচ্ছে না? শামসুর রহমান শুভ: দল চ্যাম্পিয়ন হলে অবশ্যই এই আনন্দটা আরো বেশি উপভোগ করতে পারতাম। অথচ আমাদের দলটা কিন্তু খারাপ ছিল না। একাডেমী দল করলে এই দলের পাঁচ থেকে ছয়টা প্লেয়ারকে নিতে হবে। বেশ ব্যালান্সড একটা দলই ছিলাম আমরা কিন্তু পারফরম্যান্সটা সেরকম হয়নি। বিশেষ করে ব্যাটসম্যানরা পারফরম করেনি। রকিবুল (রকিবুল হাসান) দুইটা ম্যাচে আর মার্শাল (মার্শাল আইয়ুব) তিনটা ম্যাচে ভালো খেলেছে। ওদের এই পারফরম্যান্সটা আরো ধারাবাহিক হলে এতো খারাপ হতো না আমাদের অবস্থা। তবে চ্যাম্পিয়ন হতে না পারলেও নিজে অন্তত এই ভেবে শান্তি পাই যে, ব্যাটসম্যান হিসেবে আমি আমার দায়িত্বটা পালন করতে পেরেছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: আচ্ছা বলুন, ব্যাটিংয়ে আপনার আইডল কে? শামসুর রহমান শুভ: মাহেলা জয়াবর্ধনে ও মাইকেল ক্লার্ক। তাদের দু'জনের ব্যাটিং আমার ভীষণ ভালো লাগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: দেশে কী তেমন কেউ নেই? শামসুর রহমান শুভ: অবশ্যই আছে। মোহাম্মদ আশরাফুল। ওনার খেলা দেখতে দারুণ লাগে। উনি নিজের দিনে যে কাউকে শেষ করে দিতে পারেন। আর উনি সবসময় খুব পজিটিভও। যখনই তার সঙ্গে কথা বলেছি, পজিটিভ কথাই শুনেছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: কিন্তু এটাও ঠিক যে আশরাফুল অত্যন্ত অধারাবাহিক একজন ব্যাটসম্যানও। শামসুর রহমান শুভ: (হাসি...) তাও ঠিক, কিন্তু তার কাজটাও তো খুব সহজ নয়। এই যেমন ধরুন ভারতীয় দলের কথাই। ওদের দলে বড় বড় অনেক তারকা আছেন তবে এর মধ্যেও সবাই আলাদা করে টেন্ডুলকার কী করলো জানতে চায়। আশরাফুল আমাদের বাংলাদেশ দলের সেরকমই একজন। হয়তো পুরো দল খেললো অথচ দেখবেন সবাই আলাদা করে জানতে চাইছে অ্যাশ কতো করলো। এজন্যই বললাম তার জবটা খুব টাফ। দেশকে নেতৃত্ব দিচ্ছে এবং ১৫ কোটি মানুষের প্রত্যাশার চাপ সামাল দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: আপনি যে প্রজন্মের ক্রিকেটার তাতে আকরাম খান, মিনহাজুল আবেদীন ও আমিনুল ইসলামের খেলা দেখার সুযোগ হয়তো সেভাবে হয়নি। শামসুর রহমান শুভ: এদিক দিয়ে এই প্রজন্মের ক্রিকেটার হয়েও আমি খুব সৌভাগ্যবান। আপনারা জানেন না হয়তো, এই নিয়ে মোহামেডানের হয়ে তিন মৌসুম খেলে ফেললাম। প্রথমবার খেলি ২০০৪ সালে। ওই বছরই নান্নু ভাই অবসরে গেলেন। এবং ওনার শেষ ইনিংসটাতে আমি তার সঙ্গে উইকেটে বেশ খানিকক্ষণ ছিলামও। উনি অনেক উঁচুদরের একজন ব্যাটসম্যান ছিলেন। তার মতো একজন আবার কবে আসবেন কে জানে! আকরাম ভাই যেবার ডিওএইচএসের হয়ে তার শেষ মৌসুম খেললেন, সেবার আমিও তার টিমমেট ছিলাম। টিমমেট হিসেবে পেয়েছি চাচাকেও (খালেদ মাহমুদ সুজন)। চাচা আমাকে বারবার মনে করিয়ে দিতেন, "তুই অনেক ভালো খেলোয়াড়।" এই তিন গ্রেট ক্রিকেটারের সঙ্গ আমাকে অনেক পরিণত ক্রিকেটার বানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: এখন লক্ষ্য তো নিশ্চয়ই জাতীয় দলের হয়ে খেলা। কিন্তু আপনার মতো তরুণ ও ঘরোয়া ক্রিকেটে সফল ব্যাটসম্যানদের জাতীয় দলে নেওয়ার একটা ঝুঁকিও থাকে। তারা আন্তর্জাতিক ক্রিকেটের উত্তাপটা ঠিক সইতে পারে না শুরুতে। শামসুর রহমান শুভ: এটুকু বলতে পারি আমি প্রস্তুত। কারণ আমি যখন যেখানেই খেলেছি, ভালো খেলেছি। সেটা এজ গ্র"প থেকে শুরু করে একাডেমী পর্যন্ত। আর আমাকে নিশ্চয়ই কেউ নাম দেখে নেবে না। পারফরম্যান্স দেখেই নেবে। আর আমাকে নেওয়া না নেওয়াটা নির্বাচকদের ব্যাপার। তারা যখন সময় হয়েছে বলে মনে করবেন তখন নিশ্চয়ই ডাকবেন। আমার স্বপ্ন আমি বাংলাদেশ দলের হয়ে খেলবো এবং অনেকদিন খেলবো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২৫ঘ.