ওয়েলিংটন, ৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪১ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয় এখন সময়ের ব্যাপার। ওয়েলিংটন টেস্টে না হারলেই মহেন্দ্র সিং ধোনির দল গড়বে এই কীর্তি, আর সোমবার এই ম্যাচের চতুর্থ দিনশেষে তারা দেখছে জয়েরই স্বপ্ন। জয়ের জন্য রান তাড়ায় বিশ্বরেকর্ড গড়তে হবে কিউইদের, আর ৬১৭ রানের সেই প্রায় অসম্ভব টার্গেট তাড়া করতে নেমে আলোর অভাবে ২১ ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ হওয়ার আগে তারা তুলেছে ৪ উইকেটে ১৬৭ রান।
এর আগে ৭ উইকেটে ৪৩৪ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দিয়েছেন ধোনি। তাতে ভারত অধিনায়কের নিজের অবদানও উল্লেখ করার মতোই, ৫৬ রানে অপরাজিত ছিলেন তিনি। গৌতম গম্ভীরের সেঞ্চুরিতে ভর করে তোলা আগের দিনের ৫ উইকেটে ৩৪৯ রান নিয়ে ব্যাট করতে নেমে সোমবার যে ৭৫ মিনিট ব্যাট করেছে ভারত, তার বেশিরভাগ সময়টাই ক্রিজে ছিলেন তিনি আর যুবরাজ সিং (৪০)। সপ্তম উইকেটে ৬৭ রানের জুটি গড়েছেন তারা দুজন।
জবাব দিতে নেমে একাদশ ওভারেই হোঁচট খেয়েছে স্বাগতিকরা, ওপেনার টিম ম্যাকিন্টোশকে (৪) ফিরিয়ে দিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দিয়েছেন জহির খান, আর স্লিপে তার ক্যাচটা নিয়ে উইকেট কিপার বাদে যে কোনো ফিল্ডারের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ শিকারের রেকর্ডটাকে একান্ত নিজের করে নিয়েছেন রাহুল দ্রাবিড়। রেকর্ডটা তারই ছিল, তবে ১৮২টি ক্যাচ নিয়ে সেখানে এতদিন তার সঙ্গী ছিলেন মার্ক ওয়াহ। ম্যাকিন্টোশের ক্যাচটা ছিল দ্রাবিড়ের ১৮৩তম, আর এরপর বিকেলে হরভজনের বলে জেসি রাইডারের (০) ক্যাচটাও নিয়েছেন তিনি। এর এক বল আগেই এলবিডব্লুর ফাঁদে ফেলে মার্টিন গাপটিলকেও (৪৯) ফিরিয়ে নিউজিল্যান্ড বিপদেই ফেলে দিয়েছিলেন 'ভাজ্জি'।
৮৪ রানে চার উইকেট হারানো কিউইদের সেই বিপদ থেকে খানিকটা বাঁচিয়েছেন এই ম্যাচেই দলে ফেরা রস টেলর আর জেমস ফ্রাঙ্কলিন। পঞ্চম উইকেটে ৮৩ রানের জুটি গড়েছেন তারা, দিনশেষে ৬৯ রানে অপরাজিত টেলর আর ফ্রাঙ্কলিনের সংগ্রহ ২৬।
প্রথম টেস্টে ১০ উইকেটে জয় পাওয়ার সুবাদে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে ভারত।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৩৭৯ (টেন্ডুলকার ৬২, হরভজন ৬০, ধোনি ৫২, শেবাগ ৪৮; মার্টিন ৪/৯৮, ও'ব্রায়েন ২/৮৯, সাউদি ২/৯৪) ও ৪৩৪/৭ ডি. (গম্ভীর ১৬৭, দ্রাবিড় ৬০, লক্ষ্মণ ৬১, ধোনি ৫৬*, যুবরাজ ৪০; মার্টিন ৩/৭০, ও'ব্রায়েন ২/১০০)
নিউজিল্যান্ড : ১৯৭ (টেলর ৪২, ম্যাকিন্টোশ ৩২, ম্যাককালাম ২৪, ও'ব্রায়েন ১৯, গাপটিল ১৭, সাউদি ১৬, ফ্রাঙ্কলিন ১৫; জহির ৫/৬৫, হরভজন ৩/৪৩, প্যাটেল ১/২০, শর্মা ১/৪৭) ও চতুর্থদিনশেষে ১৬৭/৪ (টেলর ৬৯*, গাপটিল ৪৯, ফ্রাঙ্কলিন ২৬*; হরভজন ২/৩৬, জহির ২/৫০)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪০৫ ঘ.
bdnews24