২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনিশ্চয়তা আর আশাবাদ নিয়ে রওনা হলেন আশরাফুল

সনাত জয়াসুরিয়া, জেপি ডুমিনি ও ডোয়াইন ব্রাভোসহ মুম্বাই ইন্ডিয়ানসের দশজন বিদেশী ক্রিকেটারের একজন মোহাম্মদ আশরাফুলও। কিন্তু সবারই এক ম্যাচে খেলার উপায় নেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়ামানুযায়ী একটি দল সর্বোচ্চ চারজন বিদেশী ক্রিকেটারকে এক ম্যাচে খেলাতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 03:00 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, ৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সনাত জয়াসুরিয়া, জেপি ডুমিনি ও ডোয়াইন ব্রাভোসহ মুম্বাই ইন্ডিয়ানসের দশজন বিদেশী ক্রিকেটারের একজন মোহাম্মদ আশরাফুলও। কিন্তু সবারই এক ম্যাচে খেলার উপায় নেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়ামানুযায়ী একটি দল সর্বোচ্চ চারজন বিদেশী ক্রিকেটারকে এক ম্যাচে খেলাতে পারবে। সেই হিসাবে আইপিএলের শুরুতেই ওইসব বড় বড় নামের ভিড়ে তার খেলার সুযোগ হবে কতোটা, তা নিয়ে একটু অনিশ্চয়তাই শোনা গেল আশরাফুলের মুখে। রোববার রাত নয়টার ফ্লাইটে মুম্বাই যাওয়ার আগে বলে গেলেন, "চারজন বিদেশীকে এক ম্যাচে খেলাতে পারবে ওরা। এই নিয়মের কারণে শুরুতেই গিয়ে খেলার সুযোগ পাবো কিনা বলতে পারছি না।" সোমবার মুম্বাইতে কাটবে দক্ষিণ আফ্রিকার ভিসা নেওয়ার কাজে। ভিসা হয়ে গেলে ওইদিনই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হয়ে যাবেন বলে জানালেন। তার দল মুম্বাই ইন্ডিয়ানস ইতিমধ্যেই ডারবানে ঘাঁটি গেড়েছে। আশরাফুল দলের সঙ্গে গিয়ে যোগ দেবেন সেখানেই। তবে সুযোগ পাওয়া নিয়ে যেমন অনিশ্চয়তার কথা শোনা গেছে, তেমনি সুযোগ পেলে তা কাজে লাগানোর প্রতিজ্ঞার কথাও বললেন, "আমি সুযোগ পেলে ভালো ইনিংস খেলে ম্যাচ জেতাতে চাই। তখন আমার খেলা নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না।" আর ভালো করার ব্যাপারে তার আশাবাদের ভিত্তি দক্ষিণ আফ্রিকার উইকেট, "ওখানে আমার কিছু ভালো ইনিংস আছে। তাছাড়া ওখানকার উইকেটও বাউন্সি। যেখানে প্রচুর স্ট্রোক খেলার সুযোগ আছে। এজন্যই আমি আশাবাদী, সুযোগ পেলে তা কাজে লাগাতে পারবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০৫ঘ.