করাচি, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মোহাম্মদ ইউসুফের পর এবার পাকিস্তান দলে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন দুই অলরাউন্ডার আব্দুল রাজ্জাক এবং রানা নাভেদ-উল হাসান। অনুমোদনবিহিন ইন্ডিয়ান ক্রিকেট লিগ বা আইসিএলে যোগ দেওয়ায় পাকিস্তান দলে নিষিদ্ধ হয়েছিলেন তারা, কিন্তু এখন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় আইসিএলের সঙ্গে চুক্তি বাতিল করতেও রাজি তারা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র জানিয়েছে, রাজ্জাক এবং নাভেদ এরই মধ্যে এ ব্যাপারে আবেদন করেছে পিসিবির কাছে। এর আগে সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফও একই আবেদন করেছিলেন।
পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আলতাফ জানিয়েছেন, বোর্ড এ ব্যাপারে আইনি পরামর্শ নিচ্ছে।
"এই আইসিএল ইস্যুর সঙ্গে অনেক রকম আইনি জটিলতা জড়িয়ে আছে। আমরা তো এখনো জানি না আইসিএল কর্তৃপক্ষ এই খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে কি না"- বলেছেন আলতাফ।
তার যুক্তি, "যেহেতু তারা অনুমোদনবিহিন একটি টুর্নামেন্টের সঙ্গে জড়িত ছিল, তাই আমাদের জানতে হবে এ ব্যাপারে আইসিসি কী বলে। তাছাড়া আইনগত দিকও খতিয়ে দেখতে হবে। সাধারণত অনুমোদিত টুর্নামেন্টে যারা খেলেন তাদের একটা পর্যায়ে শাস্তি পেতে হয়।"
আলতাফ জানিয়েছেন, রাজ্জাক ও নাভেদ পিসিবির সঙ্গে যোগাযোগ করে বলেছেন, তারা পাকিস্তান দলে খেলতে চান এবং এ জন্য প্রয়োজনে আইসিএল থেকে সরে আসতেও তারা প্রস্তুত। আরো অনেক খেলোয়াড়ই নাকি এ রকম আবেদন করছেন, আর তাদের কেউ কেউ নাকি এমন দাবিও করেছেন যে আইসিএলের সঙ্গে তাদের চুক্তি এরই মধ্যে বাতিল হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯৩৫ ঘ
bdnews24