২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলের কারণে ইংল্যান্ড সফরে যেতে চান না গেইলরা

ললিত মোদি বলছেন বটে, ক্রিকেটারদের মনে রাখতে হবে নিজেদের দেশের বোর্ড-ই তাদের রুটি-রুজি যোগায়- কিন্তু মোদির আইপিএল যে বোর্ডের চেয়ে অনেক বেশি টাকা দিচ্ছে তাদের! আর সেই টাকার মোহে নিজেদের বোর্ডের সঙ্গেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আসন্ন ইংল্যান্ড সফরে না-ও যেতে পারেন অধিনায়ক ক্রিস গেইলসহ ওয়েস্ট ইন্ডিজের অন্তত পাঁচজন সিনিয়র ক্রিকেটার!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2009, 05:15 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ব্রিজটাউন, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ললিত মোদি বলছেন বটে, ক্রিকেটারদের মনে রাখতে হবে নিজেদের দেশের বোর্ড-ই তাদের রুটি-রুজি যোগায়- কিন্তু মোদির আইপিএল যে বোর্ডের চেয়ে অনেক বেশি টাকা দিচ্ছে তাদের! আর সেই টাকার মোহে নিজেদের বোর্ডের সঙ্গেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আসন্ন ইংল্যান্ড সফরে না-ও যেতে পারেন অধিনায়ক ক্রিস গেইলসহ ওয়েস্ট ইন্ডিজের অন্তত পাঁচজন সিনিয়র ক্রিকেটার! এই দ্বন্দ্বে অবশ্য ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)রও দায় আছে যথেষ্ট। আগামী মাসে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সফরটা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপিতে ছিল না। ওই সময়ে আসলে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কার, কিন্তু আইপিএলের সময়সূচির সঙ্গে মিলে যাওয়ায় লংকান ক্রিকেটারদের দাবির মুখে সে দেশের ক্রিকেট বোর্ড পিছিয়ে দিয়েছে সফরটা। তার বদলে ইংলিশরা ওয়েস্ট ইন্ডিজকে সফরের প্রস্তাব দিলে খেলোয়াড়দের সঙ্গে কোনো আলোচনা না করেই তাতে রাজি হয়ে যায় ডব্লুআইসিবি। স্পনসর ডিজিসেলের চাপেই নাকি এমন একটা সিদ্ধান্ত নিয়েছে তারা। সূচি অনুযায়ী, আইপিএল শুরুর মাত্র তিনদিন পর, ২১ এপ্রিল থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর। লর্ডসে প্রথম টেস্টটা শুরু হবে ৬ মে, আর সেই ম্যাচে খেলার জন্য ১ মে'র মধ্যে খেলোয়াড়দের দলের সঙ্গে যোগ দিতে হবে। কিন্তু সেটা করতে গেলে গেইল, সাবেক দুই অধিনায়ক শিবনারায়ন চন্দরপল ও রামনরেশ সারওয়ান ও ডোয়াইন ব্র্যাভোরা আইপিএলে খেলার জন্য সময় পাবেন মাত্র ১২ দিন! ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের সংগঠন ডব্লুআইপিএ তাই আন্দোলনে নেমেছে ক্রিকেটারদের পক্ষে। ডব্লুআইসিবির সঙ্গে আলোচনাও চলছে তাদের, আর বোর্ডের প্রধান নির্বাহী ডোনাল্ড পিটার আশা করছেন আগামী দুদিনের মধ্যে এ ব্যাপারে একটা চুক্তিতে আসতে পারবেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২৩০০ ঘ.