নেপিয়ার, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাহুল দ্রাবিড়ের ফর্মে ফেরার ইঙ্গিত, শচীন টেন্ডুলকারের অল্পের জন্য ফিফটি মিস করা কিংবা ভিভিএস লক্ষ্মণের স্বভাবসূলভ স্টাইলিশ হাফসেঞ্চুরি- শনিবার নেপিয়ার টেস্টের তৃতীয় দিনে এর কোনোটাই কাজে আসেনি ভারতের। এত কিছুর পরও প্রথম ইনিংসে ৩০৫ রানে অলআউট হয়ে ফলো অনে পড়েছে তারা, তারপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবার হারিয়ে বসেছে অধিনায়ক বীরেন্দর শেবাগের উইকেটটি।
৩১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা সফরকারীরা তৃতীয় দিনশেষে তুলেছে ১ উইকেটে ৪৮ রান, এখনো তারা ২৬৭ রানে পিছিয়ে।
আগের দিনের ৩ উইকেটে ৭৯ রান নিয়ে দিন শুরু করা ভারতের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেছেন দ্রাবিড়, লক্ষ্মণ করেছেন ৭৬ আর আগের ম্যাচে সেঞ্চুরি করা টেন্ডুলকার আউট হয়েছেন ৪৯ রান করে।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ক্রিস মার্টিন (৩/৮৯), তবে আসলে সবাই মিলেই করেছেন ভারতকে বেঁধে রাখার কাজটা। অন্যদের মধ্যে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ৪৫, জিতান প্যাটেল ৬০ এবং ইয়ান ও'ব্রায়েন ৬৬ রান দিয়ে নিয়েছেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড ১ম ইনিংস ৬১৯/৯ ডিক্লে (রাইডার ২০১, টেলর ১৫১, ম্যাককালাম ১১৫, ফ্রাঙ্কলিন ৫২, ভেট্টোরি ৫৫; শর্মা ৩/৯৫, জহির ৩/১২৯, হরভজন ২/১২০)
ভারত : ৩০৫ (দ্রাবিড় ৮৩, লক্ষ্মণ ৭৬, টেন্ডুলকার ৪৯, শেবাগ ৩৪; মার্টিন ৩/৮৯, ভেট্টোরি ২/৪৫, প্যাটেল ২/৬০, ও'ব্রায়েন ২/৬৬) ও ৪৭/১ (শেবাগ ২২, গম্ভীর ১৪*, দ্রাবিড় ১১*; প্যাটেল ১/১৪)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এসএইচ/১৩১৩ ঘ.
bdnews24