ঢাকা, ৩০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বন্দর নগরী চট্টগ্রামে আটটি দলকে নিয়ে একটি জমকালো টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্ট করার পরিকল্পনার কথা শোনা গিয়েছিল আগেই। পিসিএল (পোর্ট সিটি লিগ) টি-২০ নামের এই আসরের আয়োজকরা সোমবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এসে সদলবলে তাদের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পেশও করে গেলেন। বিসিবি কোনো সিদ্ধান্ত না দিলেও অচিরেই তা দেওয়ার ইঙ্গিত টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপুর কথায়, "আমরা তাদের প্রস্তাব শুনেছি। কিছু বিষয়ে তাদের কাছে আরো নির্দিষ্ট করে জানতেও চেয়েছি। তবে বিসিবি খেলার প্রসারই চায়। একটা বিভাগে এমন জমকালো আয়োজনের চিন্তাকে আমরা স্বাগতই জানিয়েছি।"
পিসিএল টুর্নামেন্ট কমিটির সমন্বয়কারী এবং বিসিবির পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের আশা, "৩ এপ্রিলের মধ্যেই বিসিবি থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে আমাদের।" এর আগে তাদের অবহিত করতে হবে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের উইকেট, ফ্লাডলাইট এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি খেলার উপযোগী কিনা। তাছাড়া ৮০-৯০ লাখ টাকা বাজেটের কথা উল্লেখ করলেও প্রাইজমানি নিতান্তই অল্প মনে হয়েছে লিপুর কাছে। আলমগীর অবশ্য জানিয়েছেন, চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি শেষপর্যন্ত ১৫ থেকে ২০ লাখে গিয়ে ঠেকবে।
২৯ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ১১ দিনের এই পিসিএল টোয়েন্টি টোয়েন্টিতে আটটি দল অংশ নেবে বলে আশা করছেন আয়োজকরা। চট্টগ্রাম আবাহনী, চট্টগ্রাম মোহামেডান. চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন এবং চট্টগ্রাম বন্দরের পাশাপাশি চারটি কর্পোরেট প্রতিষ্ঠানও অংশ নেবে বলে জানিয়েছেন তারা। ওই চারটি দল নামাচ্ছে ইস্পাহানি চা, এলিট পেইন্ট, পারটেক্স এবং গাজী ট্যাঙ্ক। এই টুর্নামেন্টের জন্য ৭০ জন ক্রিকেটারকে নিলামে তুলবেন আয়োজকরা। বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ২০ ক্রিকেটারের সঙ্গে যোগ হবেন চলতি প্রিমিয়ার ক্রিকেটের সেরা ৩০ জন পারফরমার। আরো থাকবেন চট্টগ্রাম বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা থেকে বাছাই করা আরো ৩০ জন। এই ৭০ জনকে এ প্লাস, এ, বি এবং সি ক্যাটাগরিতেও ভাগ করা হবে। নিলামে ম্যাচ প্রতি এদের বেজ প্রাইস (ভিত্তি মূল্য বা নিলাম শুরুর দর) ধরা হবে যথাক্রমে ৩০ হাজার, ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা। আলমগীর এখনই নিশ্চয়তা দিয়ে রাখছেন, "নিলামে এ প্লাস ক্যাটাগরির (জাতীয় দলের ক্রিকেটাররা) খেলোয়াড়দের মূল্য ম্যাচ প্রতি লাখ পেরিয়ে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.
bdnews24