ঢাকা, ২২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথম পর্ব চালিয়ে দেওয়া হয়েছে লাল বল আর সাদা পোশাকেই। তবে সোমবার থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ দিয়ে সাদা বল আর রঙ্গীন পোশাকে ফিরছে ঘরোয়া ক্রিকেট। প্রথম পর্বের সেরা ছয় দলের এই লড়াইটা অবশ্য একটু এগিয়ে থেকেই শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। সমীকরণ অনেকটা এমন দাঁড়িয়েছে যে, সুপার লিগের পাঁচ ম্যাচের তিনটাতে জিতলেই তাদের শিরোপা ধরে রাখা মোটামুটি নিশ্চিত।
২০ পয়েন্ট নিয়ে সুপার লিগ শুরু করতে যাওয়া আবাহনীর ঠিক পেছনেই আছে সূর্যতরুণ এবং বিমান। এই দু'দলের পয়েন্ট ১৬। সুপার লিগের তিন ম্যাচ জিতে ২৬ পয়েন্ট হয়ে গেলে তখন আবাহনীকে ধরতে এই দু'দলেরই তাদের সবগুলো ম্যাচ জিততে হবে। একেবারে অসম্ভব না হলেও ভীষণ কঠিন। তাছাড়া প্রথম পর্বে তাদেরকে হারিয়ে আপাতত 'হেড টু হেড' এর হিসাবেও এগিয়ে আছে আবাহনীই। তবে যাদের বিপক্ষে খেলে সোমবার সুপার লিগ অভিযান শুরু করতে যাচ্ছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দলটি, চলতি আসরে তাদের একমাত্র হারের স্বাদ দিয়েছে সেই গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সই।
প্রথম পর্বে জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন এই দলটির কাছে লজ্জাজনকভাবেই হেরেছিল আবাহনী। গাজীর পেসার রবিউল ইসলাম শিবলু ২৬ রানে ৬ উইকেট নিয়ে একাই ধ্বসিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষের ব্যাটিং। আবাহনীকে মাত্র ১০৫ রানে অলআউট করে দিয়ে অনায়াস জয় তুলে নেওয়া গাজীর বিপক্ষে সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রতিশোধ মিশন নিয়েই হয়তো নামবেন মাশরাফিরা। প্রথম পর্বের শেষদিকে ইনজুরি আবাহনীর বোলিংকে কমজোরি বানিয়ে দিলেও সুপার লিগের শুরুতে শক্তি ফিরে পাচ্ছে অনেকটাই। হাটুর ইনজুরি থেকে সেরে উঠেছেন পেসার নাজমুল হোসেন। অধিনায়ক মাশরাফিও অফ স্পিনার, স্লো মিডিয়াম পেসার থেকে এই ম্যাচে আবার ফাস্ট বোলার হয়ে উঠছেন।
আবাহনীর প্রথম পর্বের শেষ দুই ম্যাচে খেলা উড়িষ্যার ব্যাটসম্যান রেশমি রঞ্জন পারিতা সুপার লিগেও থাকছেন। কিন্তু প্রথম পর্বের শেষ চার ম্যাচ খেলে যাওয়া সনাত জয়াসুরিয়াকে পাচ্ছে না মোহামেডান। তার জায়গায় আপাতত আর কোনো বিদেশীকেও আনেনি তারা। তাই নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে সূর্যতরুণের বিপক্ষে কোনো বিদেশীকে ছাড়াই নামছে তারা। সূর্যতরুণ অবশ্য সুপার লিগের জন্য পাকিস্তানের আফসার নেওয়াজকে উঁড়িয়ে এনেছে। সুপার লিগের প্রথম দিনে বিকেএসপিতে মুখোমুখি হচ্ছে বিমান ও পারটেক্স। পারটেক্সের হয়ে খেলতে এসেছেন আরেক পাকিস্তানি ওয়াকার কামরি। আর বিমানের পাকিস্তানি রিক্রুট জাহিদ নেওয়াজ তো আছেনই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫৫ঘ.
bdnews24