সিডনি, ২২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মহিলা বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতেছে ইংল্যান্ড। রোববার ফাইনালে তারা ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এর আগে ইংল্যান্ড ১৯৭৩ ও '৯৩ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও সে দুটো টুর্নামেন্টে তারাই ছিল স্বাগতিক। অর্থাৎ দেশের বাইরে এটাই ইংলিশ মেয়েদের প্রথম বিশ্বকাপ শিরোপা।
নর্থ সিডনি ওভালে ইংল্যান্ডের জয়ের নায়িকা নিকি শ। জেনি গানের ইনজুরির কারণে শেষ মুহূর্তে সুযোগ পাওয়া এই অলরাউন্ডার ব্যাট-বল দু বিভাগেই ঔজ্জ্বল্য ছড়িয়ে দলকে এনে দিয়েছেন মধুর এক জয়। ম্যাচ-সেরা শ'র ৩৪ রানের বিনিময়ে ৪ উইকেট শিকারের জন্যই ৪৭.২ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ইংল্যান্ড ২৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছানোর সময় শ অপরাজিত ছিলেন ১৭ রানে। ইংলিশদের সর্বোচ্চ ৪০ রান এসেছে ওপেনার ক্যারোলিন অ্যাটকিন্সের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান অন্য ওপেনার সারাহ টেলরের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৪৪ঘ.
bdnews24