ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম/বিবিসি/সিএনএন)- লাহোরে মঙ্গলবার পাকিস্তান সফররত শ্রীলংকা ক্রিকেট দলের ওপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। (আরো তথ্যসহ-২)
দুই দলের মধ্যে চলমান সিরিজের তৃতীয় দিনের খেলা শুরুর আগে গাদ্দাফি স্টেডিয়ামের কাছে তাদের গাড়িবহরে এ হামলা হয়।
এতে শ্রীলংকা দলের অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, থিলান সামারাবীরা, চামিন্ডা ভাস, অজন্তা মেন্ডিস জখম হয়েছেন। গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। কমপক্ষে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন ।
পাকিস্তানের জিও টেলিভিশন জানিয়েছে, আগের দিন ডাবল সেঞ্চুরি করা সামারাবীরার বুকে গুলি লেগেছে। সামারাবীরা করাচিতে অনুষ্ঠিত প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছিলেন।
এ হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তান ও শ্রীলংকা দলের চলমান দ্বিতীয় টেস্ট বাতিল করা হয়েছে। এছাড়া পাকিস্তান দলের শ্রীলংকা সফরও বাতিল ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলায় মুখোশ পরা ১২ জন বন্দুকধারী অংশ নেয় এবং তাদের হাতে ছিল গ্রেনেড ও রকেট লঞ্চার।
এক হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে লাহোর পুলিশ।
বিডিনিউজ ২৪ ডটকম/এজে/জিএনএ/১১৫৫ ঘ.
bdnews24