২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরভজনের ঘূর্ণিতে ভারতের ৩৩ বছরের অপেক্ষার অবসান

নিউজিল্যান্ডের মাটিতে ভারত এর আগে সর্বশেষ টেস্ট জিতেছিল সেই ১৯৭৬ সালে। দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার আবার নিউজিল্যান্ডে টেস্ট জয়ের মধুর স্বাদ পেলো 'টিম ইন্ডিয়া'। হরভজন সিংয়ের ঘূর্ণিতে বিপর্যস্ত কিউইদের দ্বিতীয় ইনিংস ২৭৯ রানে শেষ হয়ে যাওয়ায় ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল ৩৯ রানের। এই লক্ষ্যে কোনো উইকেট না হারিয়েই পৌঁছে গেছে তারা। এক দিন হাতে রেখেই প্রথম টেস্টে ১০ উইকেটের সহজ জয় পাওয়ায় তিন ম্যাচের সিরিজে মহেন্দ্র সিং ধোনির দল এখন ১-০ ব্যবধানে এগিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 08:32 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

হ্যামিল্টন, ২১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউজিল্যান্ডের মাটিতে ভারত এর আগে সর্বশেষ টেস্ট জিতেছিল সেই ১৯৭৬ সালে। দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার আবার নিউজিল্যান্ডে টেস্ট জয়ের মধুর স্বাদ পেলো 'টিম ইন্ডিয়া'। হরভজন সিংয়ের ঘূর্ণিতে বিপর্যস্ত কিউইদের দ্বিতীয় ইনিংস ২৭৯ রানে শেষ হয়ে যাওয়ায় ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল ৩৯ রানের। এই লক্ষ্যে কোনো উইকেট না হারিয়েই পৌঁছে গেছে তারা। এক দিন হাতে রেখেই প্রথম টেস্টে ১০ উইকেটের সহজ জয় পাওয়ায় তিন ম্যাচের সিরিজে মহেন্দ্র সিং ধোনির দল এখন ১-০ ব্যবধানে এগিয়ে। ম্যাচ-সেরা শচীন টেন্ডুলকারের অসাধারণ ১৬০ রানের পর দ্বিতীয় ইনিংসে কিউইদের ৩ উইকেট তুলে নিয়ে আগের দিনই জয়ের পথ প্রশস্ত করে রেখেছিল ভারত। শনিবার বাকি কাজটা সেরেছেন হরভজন। একে একে তিনি তুলে নিয়েছেন ড্যানিয়েল ফ্লিন, জেসি রাইডার, জেমস ফ্র্যাংকলিন, ড্যানিয়েল ভেট্টোরি ও ইয়ান ও'ব্রায়েনের উইকেট। আগের দিন মার্টিন গাপটিলকেও ফিরিয়ে দেয়ায় সব মিলিয়ে ৬৩ রানের বিনিময়ে হরভজনের শিকার ৬ উইকেট। দেশের বাইরে এটাই 'ভাজ্জি'র সেরা টেস্ট বোলিং ফিগার। সব মিলিয়ে এটা তার ক্যারিয়ারে ২৩তম এবং নিউজিল্যান্ডের মাটিতে প্রথম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার। হরভজনের ঘূর্ণি-জাদুতে বিধ্বস্ত হয়েই ৩ উইকেটে ৭৫ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকরা ফ্লিনের (৬৭) প্রতিরোধ সত্ত্বেও পরিণত হয় ৮ উইকেটে ১৯৯ রানে। ভারতকে আবার ব্যাট করতে পাঠাতে তখনো ৪২ রান প্রয়োজন ছিল তাদের। ধোনির দলের সামনে তখন ইনিংস ব্যবধানে জয়ের উজ্জ্বল সম্ভাবনা। তবে ও'ব্রায়েনকে (১৪) সঙ্গে নিয়ে ব্রেন্ডন ম্যাককালাম (৮৪) নবম উইকেটে ৭৬ রানের জুটি গড়ে সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন। যুবরাজ সিং ম্যাককালামকে ফিরিয়ে জুটিটা ভেঙ্গে দেয়ার পরের ওভারেই ও'ব্রায়েনকে আউট করে কিউইদের দ্বিতীয় ইনিংস শেষ করে দিয়েছেন হরভজন। কাকতালীয়ভাবে প্রথম ইনিংসের মতো এবারো স্বাগতিকদের সংগ্রহ ২৭৯ রান! ৩৯ রানের লক্ষ্যে রাহুল দ্রাবিড়কে নিয়ে উদ্বোধনী জুটিতে নেমেছেন গৌতম গম্ভীর। এবং মাত্র ৫.২ ওভারেই দলকে জয় এনে দিয়েছেন দুজনে। ১৮ বলে ৬টি বাউন্ডারিসহ ৩০ রানে অপরাজিত ছিলেন গম্ভীর। অন্যপ্রান্তে দ্রাবিড়ের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৮ রান। নেপিয়ারে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৬ মার্চ থেকে। সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড ১ম ইনিংস : ২৭৯ (ম্যাকিনটশ ১২, গাপটিল ১৪, ফ্লিন ০, টেলর ১৮, রাইডার ১০২, ফ্র্যাংকলিন ০, ম্যাককালাম ৩, ভেট্টোরি ১১৮, মিলস ০, ও'ব্রায়েন ৮, মার্টিন ০*, অতিরিক্ত ৪; জহির ২/৭০, ইশান্ত ৪/৭৩, মুনাফ ৩/৬০, হরভজন ১/৫৭, শেবাগ ০/১৮) ভারত ১ম ইনিংস : ৫২০ (গম্ভীর ৭২, শেবাগ ২৪, দ্রাবিড় ৬৬, টেন্ডুলকার ১৬০, লক্ষ্মণ ৩০, যুবরাজ ২২, ধোনি ৪৭, হরভজন ১৬, জহির ৫১*, ইশান্ত ৬, মুনাফ ৯, অতিরিক্ত ১৭; মার্টিন ৩/৯৮, মিলস ১/৯৮, ও'ব্রায়েন ৩/১০৩, ফ্র্যাংকলিন ০/৯৮, ভেট্টোরি ২/৯০, রাইডার ০/২৪) নিউজিল্যান্ড ২য় ইনিংস : ২৭৯ (ম্যাকিনটশ ০, গাপটিল ৪৮, ফ্লিন ৬৭, মিলস ২, টেলর ৪, রাইডার ২১, ফ্র্যাংকলিন ১৪, ম্যাককালাম ৮৪, ভেট্টোরি ২১, ও'ব্রায়েন ১৪, মার্টিন ০*, অতিরিক্ত ৪; জহির ১/৭৯, ইশান্ত ০/৬২, মুনাফ ২/৬০, হরভজন ৬/৬৩, যুবরাজ ১/১১) ভারত ২য় ইনিংস : ৩৯/০ (গম্ভীর ৩০*, দ্রাবিড় ৮*, অতিরিক্ত ১; মার্টিন ০/১৭, মিলস ০/২১)। ফল : ভারত ১০ উইকেটে জয়ী ম্যান অব দ্য ম্যাচ : শচীন টেন্ডুলকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৩৫ঘ.