ঢাকা, ১৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি প্রিমিয়ার লিগের প্রথম পর্বে কোনো দল অপরাজিত থাকার কৃতিত্ব দেখাতে পারেনি বটে, তবে সব ম্যাচেই হারের লজ্জাজনক এক রেকর্ড গড়ে ফেলেছে সিটি ক্লাব! বৃহস্পতিবার বিকেএসপির মাঠে ভিক্টোরিয়ার কাছে ৫০ রানের হারে প্রথম বিভাগে নেমে যাওয়াও নিশ্চিত হয়ে গেছে তাদের।
এখন ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া রেলিগেশন লিগে তাদের খেলাও যা না খেলাও তাই। কারণ ১১ ম্যাচ খেলে কোনো পয়েন্ট না পাওয়া সিটি রেলিগেশন লিগে তাদের দুই ম্যাচে জিতলেও পয়েন্ট হবে ৪। অথচ এদিন ভিক্টোরিয়া প্রথম পর্ব শেষ করেছে ৬ পয়েন্ট নিয়ে। তাদের চেয়ে এক পয়েন্ট কম ইয়াং পেগাসাসের।
এখন সিটি ম্যাচ দুটো না খেললেও তো হয়। তবে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) সদস্য সচিব মোস্তফা কবীর বলেছেন, "২৩ মার্চ থেকে আমরা সুপার ও রেলিগেশন লিগ শুরু করবো। তার আগে শুক্রবার (২০ মার্চ) বিকেলে প্রিমিয়ারের দলগুলোকে নিয়ে একটা সভা ডেকেছি। ওই সভায় সিটি যদি আর খেলতে না চায় এবং ভিক্টোরিয়া ও পেগাসাসের তাতে সম্মতি থাকে তাহলে আমরা ওদের খেলার জন্য বাধ্য করবো না।"
তবে ভিক্টোরিয়া ও পেগাসাসের সায় না দেওয়ার যৌক্তিক কারণটাও মনে করিয়ে দিতে ভুললেন না তিনি, "ওই দুটো ম্যাচ খেলে সিটির হয়তো কোনো লাভ নেই। কিন্তু রেলিগেশনের অন্য দুটো দলের ভাগ্য কিছুটা হলেও তো নির্ভর করছে সিটির বিপক্ষে ম্যাচের ওপর। সুক্ষ্ম একটা সমীকরণ কিন্তু এখানে আছেই। কাজেই...।"
এদিন অমিত মজুমদারের সেঞ্চুরিতে টস জিতে ব্যাটিংয়ে নামা ভিক্টোরিয়া নির্ধারিত ৫০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৮২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। আরমান হোসেনকে (২৯) নিয়ে ৯৭ রানের সূচনা এনে দেওয়া অমিত দ্বিতীয় উইকেটে ৬৩ রান জুড়েছেন শাকিল হায়দারের (৭২) সঙ্গে। মাত্র ৮৫ বলে ১৩ বাউন্ডারি ও তিন ছক্কায় ১০৪ রান করে অমিত আউট হয়ে যাওয়ার পর শরীফুল্লাহর (৬৩*) সঙ্গে ১১৭ রানের বিশাল একটা পার্টনারশিপও হয়েছে শাকিলের।
জবাব দিতে নামা সিটির সূচনাও দারুণ হয়েছিল তবে সেটা জয়ের স্বপ্ন থেকে দূরেই ঠেলে দিয়েছে তাদের। কারণ ১৬২ রানের পার্টনারমিপ গড়তে রাসেল আল মামুন (৮৯) ও মাসুকুর রহমানের (৫৮) লেগেছে ৩৮.৫ ওভার। ততোক্ষণে আস্কিং রেট এতো বেড়ে গেছে যে তার সঙ্গে পাল্লা দেওয়া কঠিন হয়ে উঠেছিল সিটির। শেষপর্যন্ত নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২৩২ রান তুলতে সক্ষম হয় তারা। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন অমিত মজুমদার।
দিনের অন্য ম্যাচে ওল্ড ডিওএইচএসকে ৬ উইকেটে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার সপ্তম স্থান নিশ্চিত করেছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। দু'দলের সমান (১০) পয়েন্ট হলেও মুখোমুখিতে হারায় অষ্টম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হল ডিওএইচএসকে। তারা মাহমুদুল্লাহ রিয়াদের (১০১*) অপরাজিত সেঞ্চুরিতে ৭ উইকেটে ২২৭ রান তুললেও ২১ বল হাতে রেখেই সিসিএস জয় তুলে নেয় শাহবাজ বাট (৬৯), নিজামুদ্দিন রিপন (৫৭) এবং শুভাগত হোমদের (৫৫) ফিফটিতে। ম্যাচ সেরা হয়েছেন শাহবাজ বাট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২০১০ ঘ.
bdnews24