২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন বাড়ছে জাতীয় দলের ক্রিকেটারদের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের পঞ্চম সভাটি হওয়ার কথা ছিল গত ৪ মার্চ। কিন্তু ২৫ ফেব্র"য়ারি পিলখানা ট্র্যাজেডির কারণে পিছিয়ে সেই সভাটি হয়েছে বুধবার। এদিন বিকেলে পিলখানায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শুরু হওয়া সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে অন্যতম জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বৃদ্ধি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 04:36 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, ১৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের পঞ্চম সভাটি হওয়ার কথা ছিল গত ৪ মার্চ। কিন্তু ২৫ ফেব্র"য়ারি পিলখানা ট্র্যাজেডির কারণে পিছিয়ে সেই সভাটি হয়েছে বুধবার। এদিন বিকেলে পিলখানায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শুরু হওয়া সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে অন্যতম জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বৃদ্ধি। একঝাঁক প্রথম শ্রেনীর ক্রিকেটার আইসিএলে যোগ দেওয়ার পর থেকেই ক্রিকেটারদের বেতন বাড়ানোর বিষয়টা বিসিবির বিবেচনায় ছিল। অবশেষে এদিনের সভায় জাতীয় দলের ক্রিকেটার এবং স্থানীয় কোচিং স্টাফদের বেতন শতকরা ৩০ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুধবার রাতে বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে- জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার শফিকুল হক হীরা, ফিল্ডিং কোচ সালাউদ্দিন এবং কম্পিউটার অ্যানালিস্ট নাসির আহমেদ নাসুর চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে আরো এক বছর। এছাড়া চুক্তির মেয়াদ বেড়েছে জাতীয় দলের বোলিং কোচ চম্পাকা রামানায়েকেরও। এই শ্রীলঙ্কান এবছরের জুলাইতে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত থাকবেন। ২০১১ সালের বিশ্বকাপ উপলক্ষে সরকার এবং সংশ্লিষ্ট বিভিন্ন্ সংস্থার সঙ্গে সমন্বয় রাখার একটা ব্যাপার আছে। এই প্রক্রিয়াকে গতিশীল রাখার জন্য বিসিবি চার সদস্যের একটা কমিটি করে দিয়েছে। এছাড়া বিসিবির বার্ষিক সাধারণ সভা করার জন্যও তিন সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে। পরিচালক দেওয়ান শফিউল আরেফীন টুটুলকে দুটো কমিটিরই আহবায়ক করা হয়েছে। এই সভায় বিসিবির এইচআর নীতিমালা এবং বোর্ড সদস্য, কর্মকর্তা, খেলোয়াড় ও কর্মচারীদের 'কোড অফ কন্ডাক্ট'ও অনুমোদিত হয়েছে। অনুমোদিত হয়েছে বিসিবির অ্যান্টি ডোপিং নীতিমালাও। এপ্রিলে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ড সফরেও বোর্ড সম্মতি দিয়েছে এদিনের সভায়। এছাড়া ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য উপযুক্ত জায়গা কেনারও সিদ্ধান্ত হয়েছে। সভায় জানানো হয়েছে, পরিচালনা পর্ষদের পরবর্তী সভার আগেই বিভাগীয় ক্রিকেট গঠনতন্ত্র চূড়ান্ত হয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২২৩০ ঘ.