২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সমালোচনায় সাবেক পিসিবি প্রধান

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান জেনারেল তৌকির জিয়া দাবি করেছেন, পাকিস্তানের বাংলাদেশ সফর বাতিলের পেছনে ভারতের ভূমিকা ছিল। বুধবার জিও স্পোর্টস চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্ত নেওয়ার কারণে সমালোচনা করেছেন বাংলাদেশ সরকার আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

করাচি, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান জেনারেল তৌকির জিয়া দাবি করেছেন, পাকিস্তানের বাংলাদেশ সফর বাতিলের পেছনে ভারতের ভূমিকা ছিল। বুধবার জিও স্পোর্টস চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্ত নেওয়ার কারণে সমালোচনা করেছেন বাংলাদেশ সরকার আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও। "আমি নিশ্চিত করে বলতে পারি না যে সিদ্ধান্তটা নিতে কেউ তাদের প্রভাবিত করেছে। তবে হ্যাঁ, মুম্বাই হামলার পর থেকেই ভারত যে বিশ্ব ক্রিকেট অঙ্গন থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করে যাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই"- বলেছেন জেনারেল জিয়া। এ মাসেই দুটি টোয়েন্টি-টোয়েন্টি আর পাঁচটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তানের, কিন্তু বিডিআর বিদ্রোহের পর বিদেশী দলের নিরাপত্তার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তির কারণে তা বাতিল করা হয়েছে। বাংলাদেশের ক্রিকেটের প্রতি পিসিবির অতীত সহায়তার কথা মনে করিয়ে দিয়ে তিনি এক হাত নিয়েছেন বিসিবিকেও, "বাংলাদেশের ক্রিকেটের জন্য আমরা অনেক করেছি। আমি যখন পিসিবির চেয়ারম্যান ছিলাম, আইসিসি তাদের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিল। তখন একমাত্র আমিই বাংলাদেশ আর জিম্বাবুয়ের পক্ষে কথা বলেছিলাম, অন্য সদস্যদেশগুলোর সমর্থন আদায় করে বাঁচিয়েছিলাম তাদের টেস্ট স্ট্যাটাস।" নিরাপত্তা নিয়ে পাকিস্তান কখনো আপত্তি করে না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি যা-ই হোক, আমন্ত্রণ জানালে পাকিস্তান অবশ্যই যেতো এই সফরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১২৯ ঘ.