ঢাকা, ১৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাঁচা-মরার ম্যাচে এতোটা বোধহয় মোহামেডানও প্রত্যাশা করেনি! যে ম্যাচ হারলে সুপার লিগে না ওঠার আশঙ্কা, সেই ম্যাচেই কিনা চলতি প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় জয়ের রেকর্ডটা গড়লো তারা। মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭৪ রানের বিশাল জয় দিয়ে তারা সুপার লিগই শুধু নিশ্চিত করেনি, তাদের ৯ উইকেটে ২২৭ রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের মাত্র ৫৩ রানে অলআউট হওয়া এবারের লিগের সর্বনিম্ন স্কোরও। এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিমানকে ৩৪ রানে হারিয়ে শীর্ষস্থান আরো মজবুত করে প্রথম পর্ব শেষ করেছে আবাহনী।
১১ ম্যাচের ১০টিতে জেতা বর্তমান চ্যাম্পিয়নরা ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া সুপার লিগ শুরু করবে ২০ পয়েন্ট নিয়ে। এদিন হারায় ১৬ পয়েন্ট পাওয়া বিমানকে টপকে দ্বিতীয় স্থানে চলে যাওয়ার সুযোগ আছে সূর্যতরুণের। বুধবার তাদের শেষ ম্যাচ পারটেক্সের বিপক্ষে। যে ম্যাচে হারলেও কিছু আসবে-যাবে না ১০ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া পারটেক্সের। এদিন লজ্জাজনক হারের পরও যেমন সুপার লিগ নিশ্চিত হয়ে আছে গাজীর। বৃহষ্পতিবার ওল্ড ডিওএইচএস শেষ ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) হারালে তাদের পয়েন্টও হবে ১২। সেক্ষেত্রে পয়েন্ট সমান হয়ে যাওয়া দলগুলোর মধ্যে বাইলজ অনুযায়ী প্রথম বিবেচনায় আসবে 'হেড টু হেড'। এক্ষেত্রে পারটেক্স ও গাজী, দু'দলের কাছেই হারায় শেষ ম্যাচ জিতেও সুপার লিগে যাওয়ার কোনো সুযোগ নেই ডিওএইচএসের। পারটেক্স তাদের শেষ ম্যাচে হারলে অবশ্য ১৩ পয়েন্ট পাওয়া মোহামেডানের পর পঞ্চম স্থানে থাকবে গাজী। কারণ পারটেক্সকে হারিয়েছিল তারা।
প্রতি ম্যাচেই সনাত জয়াসুরিয়ার কাছ থেকে ঝড়ো ইনিংস প্রত্যাশা করে মোহামেডান। এই ম্যাচে সেটা হয়েই যাচ্ছিল প্রায়। পেসার রুবেল হোসেনকে পুল করতে গিয়ে বলের লাইন মিস করে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৩৯ রানের ওপেনিং পার্টনরাশিপের ৩১ রানই আসে তার ব্যাট থেকে। চার বাউন্ডারির সঙ্গে একমাত্র ছক্কাটি গিয়ে আঁছড়ে পড়ে ফতুল্লা স্টেডিয়ামের গ্যালারিতে। দিনশেষে নিজের ব্যাটিং নিয়ে অসন্তোষই শোনা গেল তার মুখে, "ত্রিশ-চল্লিশ রানের ইনিংস খেলছি, কিন্তু এতে খুশী হতে পারছি না। আমার তো উচিত বড় ইনিংস খেলা।"
তিনি ফিরে গেলেও তার ওপেনিং পার্টনার নাদিমউদ্দিন মিন্টু দলের ব্যাটিংয়ের হাল ধরে রাখলেন অনেকক্ষণ। ৭৫ বলে ফিফটি করা এই বাঁ হাতি ব্যাটসম্যান ৬৫ রান করে আউট হওয়ার পর রকিবুল হাসান (২৭), মার্শাল আইয়ুব (৩৩), ফয়সাল হোসেন (৩৩) ও অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ'দের (২২*) ছোট্ট অথচ কার্যকর ইনিংসগুলো মোহামেডানকে নির্ধারিত ৫০ ওভারশেষে ২২৭ রানে নিয়ে যায়। রানটা আরো বেশি হয়নি গাজীর পেসার রুবেলের জন্য। ৩৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।
কিন্তু বল হাতে তার দারুণ পারফরম্যান্স ম্লান থেকে ম্লানতর হতে থাকে গাজীর ব্যাটিং শুরুর পর থেকেই। আর তা ব্যাটসম্যানদের ব্যর্থতায়। চলতি লিগের অন্যতম সফল ব্যাটসম্যান ইমরুল কায়েস (২) শুরুতেই ফিরে যাওয়ার পর ব্যাটিংয়ে নামা অধিনায়ক আশরাফুলও দলের বিপদ বাড়িয়ে যান। পেসার তারেক আজিজকে পুল করলেও বল তার ব্যাটের ওপরের কানায় লেগে উঠে যায় এবং ডিপ ফাইন লেগে দুর্দান্ত এক ক্যাচ নেন সাজিদুল ইসলাম। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬ রান করা আশরাফুল দলকে ২০ রানে ৩ উইকেট হারানো দলে পরিণত করে যান।
সর্বোচ্চ ৭ রান করেন মোহাম্মদ মিথুন। অর্থাৎ গাজীর পক্ষে কেউই দুই অঙ্কে পৌছাতে পারেননি। আশরাফুলকে ক্যাচ বানানো সাজিদুল আর তারেক মিলেই আসলে গাজীর ব্যাটিং অর্ডারের মেরুদন্ড ভেঙ্গে দেন। তারা দু'জনে মিলে ৩৪ রানে ৬ উইকেট তুলে নেন প্রতিপক্ষের। তারেক (৭-১-১৪-৩) ও বাঁ হাতি পেসার সাজিদুল (৫-২-১৬-৩), কেউ কারো চেয়ে কম যাননি। তবে দারুণ একটা ক্যাচও নেওয়ায় ম্যাচ সেরা হিসেবে সাজিদুলকে বেছে নেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। গাজীর ইনিংসের লেজ ছেঁটে দেন সোহরাওয়ার্দী শুভ। মাত্র ৮ রান খরচায় তিন উইকেট নিয়েছেন এই বাঁ হাতি স্পিনার। খালি হাতে ফেরেননি জয়াসুরিয়াও। ১৩ রানে তার শিকার ১ উইকেট। তবে শেষদিকে দুটো ক্যাচ না পড়লে গাজীর ইনিংস পঞ্চাশও পেরোয় না!
মিরপুরে এদিনও দেখা গেছে অফস্পিনার মাশরাফি বিন মর্তুজার চমক। আর ইনজুরি সমস্যায় দলের একমাত্র পেসার হয়ে যাওয়া শাহাদাত হোসেনের সঙ্গে এদিনও বোলিং ওপেন করা অফস্পিনার নাসির হোসেন আবারো সফল। দুয়েমিলে ৩২.৫ ওভারে মাত্র ২ উইকেটে ১৫৩ তুলে জয়ের পথে অনেকদূর এগিয়ে যাওয়ার পরও শেষপর্যন্ত ৪৬ ওভারে ২৩১ রানে অলআউট হয় বিমান। ৯ ওভার বল করে ৪৫ রানে ৩ উইকেট নেন অধিনায়ক মাশরাফি। ২ উইকেট নিতে নাসিরের খরচ মাত্র ২৩ রান। বিমানের জয়ের স্বপ্ন দীর্ঘক্ষণ ধরে রাখা ওপেনার জহুরুল ইসলাম অমি (৭৮) অবশ্য হয়েছেন রানআউট। নাদীফ চৌধুরীর থ্রো'তে তিনি আউট হওয়ার ২ রান পর মুশফিকুর রহমানেরও একই পরিণতি জয়ের স্বপ্নে যে ধাক্কা দেয়, তা আর সামলে উঠতে পারেনি বিমান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা আবাহনীকে বড় সংগ্রহের দিকে এগিয়ে দেয় ওপেনার তামিম ইকবাল (৬৬) ও ভারতীয় রিক্রুট রেশমি রঞ্জন পারিতার (৭৯) ফিফটি। দু'জনে মিলে তৃতীয় উইকেটে জুড়েছেন ৮১ রান। চতুর্থ উইকেটে নাসির হোসেনকে (২৫) নিয়ে আরো ৫৫ রান যোগ করা রেশমি হয়েছেন ম্যান অফ দি ম্যাচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১৩ঘ.
bdnews24