ঢাকা, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা যেমন, তেমনি পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) ছিল সোমবারের অপেক্ষায়। স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান দলের বাংলাদেশ সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এদিনই জানানোর কথা থাকলেও আসলে দিনটি ফলহীনই কেটেছে। বিসিবির ক্রমাগত অনুরোধের পরও কোনো সরকারী সিদ্ধান্ত না আসায় এই সিরিজ নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ ঘনীভূত হলো আরো। ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার অবশ্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিষয়টার সুরাহা করার জন্য আরো একটা দিন সময় চেয়েছেন। প্রতিশ্র"তি দিয়েছেন, মঙ্গলবার অবশ্যই সিদ্ধান্তটি জানিয়ে দেওয়া হবে।
সোমবার বিকেলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) লটারীর ড্র অনুষ্ঠান থেকে বেরিয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, "আমি সবসময়ই আশাবাদী লোক। তবে সিরিজটি হবে কী হবে না, সেবিষয়ে এই মুহূর্তে আমি কিছুই বলতে পারছি না।" স্থগিত পাকিস্তান আয়োজনের ব্যাপারে সর্বশেষ অগ্রগতিও তার জানা নেই জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, "ছয়দিন পর আমি মাত্রই আমার গ্রামের বাড়ী থেকে ফিরলাম। এখানে আসার আগে ক্যাবিনেট মিটিংয়ে যোগ দেই। তাই সর্বশেষ অগ্রগতি আপনাদের জানাতে পারছি না। তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টও আমি দেখিনি।" সেই সঙ্গে তিনি আরো যোগ করেছেন, "রিপোর্টটা আশা করি আজই (সোমবার) পেয়ে যাব। রিপোর্ট হাতে পাওয়ার পর আমি প্রধানমন্ত্রী এবং বিসিবি সভাপতির সঙ্গেও কথা বলবো। এটুকু আপনাদের নিশ্চিত করতে পারি, আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জেনে যাবেন।"
প্রসঙ্গত সরকারের পরামর্শে গত ৫ মার্চ পাকিস্তান দলের বাংলাদেশ সফর স্থগিত করে দেয় বিসিবি। এর দু'দিন পরই ঢাকায় আসার কথা ছিল পাকিস্তান দলের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/ঘ.
bdnews24