নয়াদিল্লী, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মাসের ১০ তারিখ থেকে ভারতীয় প্রিমিয়ার লিগ বা আইপিএল-এর দ্বিতীয় আসর শুরু হওয়ার কথা। অথচ ১৬ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ভারতের লোকসভা নির্বাচন। আর এ নিয়েই যত ঝামেলা! গত সপ্তাহে জাকজমকপূর্ণ টুর্নামেন্টটির পুনঃনির্ধারিত সূচী তৈরি তা ভারত সরকারের কাছে জমা দিয়েছিল আইপিএল কর্তৃপক্ষ। কিন্তু সেই সূচীও মনে ধরেনি ভারত সরকারের। আইপিএল কর্তৃপক্ষকে টুর্নামেন্টের সূচী আবারো নির্ধারণ করার নির্দেশ দিয়েছে তারা।
ভারত সরকার চাইছে যে সব রাজ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে তাদের সঙ্গে আলোচনা করে আবারো সূচীটা তৈরি করুক আইপিএল কর্তৃপক্ষ। সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওনকারমাল কেদিয়া জানিয়েছেন, "আমরা তাদের বলেছি নির্বাচনের কারণে আইপিএল-এর জন্য কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীকে দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা চাই রাজ্য সরকারগুলোর সঙ্গে আলোচনা করে তারা (আইপিএল কর্তৃপক্ষ) সূচীটা তৈরি করুক। যাতে তারা (রাজ্য সরকার) নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে। নতুন সূচী হাতে পাওয়ার পরই মন্ত্রণালয় এ সম্পর্কে সিদ্ধান্ত নেবে।"
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম আগেই নির্দেশ দিয়েছিলেন ম্যাচের দিনগুলোতে পূর্ণ নিরাপত্তা পেতে হলে নির্বাচনের সঙ্গে সরাসরি 'দ্বন্দ্ব' এড়িয়ে নতুন করে সূচী তৈরি করতে হবে আইপিএল কর্তৃপক্ষকে। সেই নির্দেশ মেনে নতুন সূচী করা হলেও তা গ্রহণ করেনি দিল্লী, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও অন্ধ্র প্রদেশ। কর্ণাটকের ব্যাঙ্গালোর পুলিশ ৩ মে'র আগে আইপিএল-এর জন্য কোনো নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বরং ৪ মে'র পর ম্যাচ আয়োজনের পরামর্শ দিয়েছে তারা। অন্যদিকে অন্ধ্র প্রদেশের পুলিশ ২৬ এপ্রিলের পর নিরাপত্তা দিতে রাজি হয়েছে। তার তিন দিন আগে এই রাজ্যের নির্বাচন শেষ হওয়ার কথা।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/ ২১১৫ঘ.
bdnews24