নয়াদিল্লী, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে দক্ষিণ আফ্রিকায়। সোমবার নির্বাহী বোর্ডের এক টেলিকনফারেন্সে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে 'সর্বসম্মত' সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা থাকলেও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটা দেশ নিরাপত্তাহীনতার কারণে সেখানে যেতে রাজি হয়নি। তাই প্রায় এক বছরের জন্য স্থগিত ঘোষণা করা হয় টুর্নামেন্টটা। পরে পাকিস্তান থেকে সরিয়েও আনা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। তখনই বিকল্প ভেন্যু হিসাবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার নাম আলোচিত হচ্ছিল। তবে সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় বৃষ্টির প্রকোপ বেশি থাকায় সম্ভাবনাটা হেলে পড়ে দক্ষিণ আফ্রিকার দিকে। শেষ পর্যন্ত প্রোটিয়াদের দেশই পেল চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের গুরুদায়িত্ব। ১২ দিনব্যাপী টুর্নামেন্টটা হবে ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। টুর্নামেন্টের সম্ভাব্য দুই ভেন্যু জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২০৫ঘ.
bdnews24