২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টি- টোয়েন্টিতেও পারল না ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজের বোলার-ফিল্ডারদের নৈপুণ্যে ইংল্যান্ডের ইনিংসশেষেই বলতে গেলে ম্যাচের সব উত্তেজনার সমাপ্তি। ১৯.১ ওভারে ইংলিশরা মাত্র ১২১ রানে গুটিয়ে যাওয়ায় সহজ লক্ষ্যই পেয়েছিল স্বাগতিকরা। রোববার একমাত্র টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে ওপেনার রামনরেশ সারওয়ানের দারুণ এক ফিফটিতে ২ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে গেছে উইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 11:10 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

পোর্ট অব স্পেন, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়েস্ট ইন্ডিজের বোলার-ফিল্ডারদের নৈপুণ্যে ইংল্যান্ডের ইনিংসশেষেই বলতে গেলে ম্যাচের সব উত্তেজনার সমাপ্তি। ১৯.১ ওভারে ইংলিশরা মাত্র ১২১ রানে গুটিয়ে যাওয়ায় সহজ লক্ষ্যই পেয়েছিল স্বাগতিকরা। রোববার একমাত্র টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে ওপেনার রামনরেশ সারওয়ানের দারুণ এক ফিফটিতে ২ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে গেছে উইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ডের শুরুটা কিন্তু ভালোই হয়েছিল। ওপেনার স্টিভ ডেভিসের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭ ওভারে ৫৫ রান তুলে বড় সংগ্রহের স্বপ্নও দেখছিল তারা। কিন্তু অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ডুইন ব্রাভো ডেভিসকে (২৭) বোল্ড করলে সেই স্বপ্ন হোঁচট খায় মারাত্মকভাবে। সুলেমান বেনের বলে কেভিন পিটারসেনের (১২) বিতর্কিত এলবিডব্লু এবং শিবনারায়ণ চন্দরপলের দারুণ ফিল্ডিংয়ে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের (২২) রান আউট ইংলিশদের আর ম্যাচে ফিরতে দেয়নি। এরপর রান আউট হয়েছেন আরো দুজন। আর তাই মাত্র ২৬ রানে শেষ ৬ উইকেট হারিয়ে তারা অলআউট হয়ে গেছে টোয়েন্টি টোয়েন্টির বিচারে মামুলি সংগ্রহ গড়ে। ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন বেন। জবাবে শুরুতে অ্যান্ড্রু ফ্লেচারকে হারালেও সারওয়ানের ৪৬ বলে দুটো বিশাল ছক্কা ও চারটি বাউন্ডারি সমৃদ্ধ ৫৯ রানের সুবাদে কখনোই পথভ্রষ্ট হয়নি ওয়েস্ট ইন্ডিজ। লেন্ডল সিমন্সের সঙ্গে ৬০ রানের জুটি গড়ে সারওয়ান যখন ফিরে আসছেন তখন ২৯ বল হাতে নিয়ে জয় থেকে মাত্র ১৭ রানে দূরে ক্যারিবীয়রা। সহজ কাজটা সারতে বিন্দুমাত্র সমস্যা হয়নি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনার ফিল সিমন্সের ভাইপো লেন্ডলের। ম্যাচশেষে তিনি অপরাজিত ছিলেন ২৩ রানে। তবে দুর্দান্ত ফিফটিটার জন্য ম্যাচ সেরা হয়েছেন সারওয়ান। সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড : ১৯.১ ওভারে ১২১ (বোপারা ১৩, ডেভিস ২৭, পিটারসেন ১২, ওয়েইস শাহ ৬, কলিংউড ১৪, স্ট্রাউস ২২, মাসকারেনহাস ০, ব্যাটি ৪, ব্রড ২, আমজাদ ২, অ্যান্ডারসন ০, অতিরিক্ত ১৯; এডওয়ার্ডস ১/১৮, বেকার ১/১২, স্যামি ১/১৪, ব্রাভো ১/৩৪, বেন ৩/২৪, পোলার্ড ০/১২) ওয়েস্ট ইন্ডিজ : ১৮ ওভারে ১২৩/৪ (সারওয়ান ৫৯, ফ্লেচার ৬, চন্দরপল ১২, সিমন্স ২৩*, ব্রাভো ৮, পোলার্ড ৪*, অতিরিক্ত ১১; অ্যান্ডারসন ১/১৯, ব্রড ১/২৬, আমজাদ ২/৩৪, ব্যাটি ০/১৭, মাসকারেনহাস ০/১৭, কলিংউড ০/৮) ফল : ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী ম্যান অব দ্য ম্যাচ : রামনরেশ সারওয়ান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭১০ঘ.