ঢাকা, ১৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আব্দুর রাজ্জাককে বিমান খেলাতে পারবে না। কিন্তু বিমানও তাকে অন্য ক্লাবের হয়ে খেলার ছাড়পত্র দিতে রাজী নয়। সদ্যই আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া এই বাঁ হাতি স্পিনারের প্রিমিয়ার লিগে খেলার বিষয়টা তাই ঝুলে আছে এখনো।
বিমান অবশ্য রাজ্জাককে খেলানোর চেষ্টায় হাল ছাড়েনি। তারা শনিবার বিসিবি সভাপতির হস্তক্ষেপ কামনা করে তার বরাবর একটা চিঠি দিয়েছে। এই চিঠির জবাব না পাওয়া পর্যন্ত অন্তত খেলা হচ্ছে না রাজ্জাকের। অর্থাৎ রোববার প্রিমিয়ার ক্রিকেটের দশম রাউন্ডের ম্যাচেও খেলতে পারছেন না তিনি।
বিমান অধিনায়ক সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেছেন, "আজ আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা বোর্ড সভাপতিকে চিঠি দিয়েছেন। তাতে সবকিছু জানানো হয়েছে। এখন আমরা তার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তবে এটা নিশ্চিত দশম রাউন্ডের ম্যাচে রাজ্জাককে আমরা খেলাতে পারছি না কিংবা কোথাও খেলার জন্য ছাড়পত্রও দিচ্ছি না।"
বিমানের দাবি, পুলভুক্ত ক্রিকেটারদের নাম ঘোষণার সময় তালিকায় রাজ্জাকের নাম ছিল না। একারণেই তারা সাকিব আল হাসান, মাহবুবুল আলম রবীন এবং শাহাদাত হোসেন রাজীবকে দিয়ে পুলের কোটা পূরণ করে রাজ্জাককে দলভুক্ত করতে দ্বিধা করেনি।
কিন্তু প্রিমিয়ার ক্রিকেটের ওয়ানডে শুরুর আগে নাকি বিসিবির তরফ থেকে তাদের জানানো হয়, আইসিরি নিষেধাজ্ঞা উঠে গেলে রাজ্জাক পুলভুক্ত হিসেবে গণ্য হবেন। বিমান কর্তৃপক্ষ এটা মানতে নারাজ। ওদিকে বিসিবিরও এ বিষয়ে বক্তব্য আছে। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজের কথা, "যখন বিমান রাজ্জাককে দলে নেয়, তখন তো ও নিষিদ্ধ ছিল। তাকে নেওয়ারই কথা নয় তখন। বিমান তো বিষয়টা আমাদের সঙ্গে আলাপও করেনি। আর পুলে থাকে জাতীয় ক্রিকেটাররাই। নিষেধাজ্ঞা উঠে যাওয়া মাত্রই রাজ্জাকের নাম পুলে উঠে যাবে, এটাই স্বাভাবিক।"
বিসিবি থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, বিমান ছাড়পত্র দিলে অন্য কোনো দলের হয়ে খেলতে পারবেন রাজ্জাক। মোহামেডানও তার প্রতি আগ্রহ দেখিয়েছিল। কিন্তু বিমান না ছাড়ায় রোববার আবাহনীর বিপক্ষে মোহামেডানের হয়ে দেখা যাচ্ছে না এই বাঁ হাতি স্পিনারকে। নিষেধাজ্ঞা উঠে গেলেও এই জটিলতায় তার ক্রিকেটে ফেরা বিলম্বিত হচ্ছে আরো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/ ২০১৫ঘ.
bdnews24