২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার অধিনায়ক হলেন সাঙ্গাকারা, দক্ষিণ আফ্রিকার ক্যালিস

বিদায়ী অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে সুপারিশ করে গিয়েছিলেন তার নাম, নির্বাচকরাও গ্রহণ করেছেন সেই সুপারিশ। প্রত্যাশিতভাবেই তাই শ্রীলঙ্কার নতুন অধিনায়ক হয়েছেন কুমার সাঙ্গাকারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 11:14 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

কলম্বো, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদায়ী অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে সুপারিশ করে গিয়েছিলেন তার নাম, নির্বাচকরাও গ্রহণ করেছেন সেই সুপারিশ। প্রত্যাশিতভাবেই তাই শ্রীলঙ্কার নতুন অধিনায়ক হয়েছেন কুমার সাঙ্গাকারা। বুধবার নির্বাচকরা তার নাম ঘোষণা করলেও অবশ্য অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক অভিষেকের জন্য আগামী জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে, কারণ ইংল্যান্ডে অনুষ্ঠেয় টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার আর কোনো খেলা নেই। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্ট সিরিজের শেষ ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যাক ক্যালিস। নিয়মিত অধিনায়ক গ্রায়েম স্মিথ ইনজুরির কারণে খেলতে পারছেন না এই ম্যাচে। নির্বাচকরা অবশ্য প্রথমে এই ম্যাচের জন্য অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করেছিলেন অ্যাশওয়েল প্রিন্সের, কিন্তু ওই ঘোষণার চব্বিশ ঘণ্টা পেরোনোর আগেই মত বদলে দায়িত্বটা দেওয়া হয়েছে দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় ক্যালিসকে। পাকিস্তান সফরে যাওয়ার আগে জয়াবর্ধনে ঘোষণা দিয়েছিলেন অধিনায়কের পদ ছেড়ে দেওয়ার। সন্ত্রাসী হামলার কারণে সফরটা পুরো শেষ না করেই দেশে ফিরে আসার পর বুধবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা নিশ্চিত করেছেন নতুন অধিনায়ক হিসেবে সাঙ্গাকারার নাম। তার ডেপুটি হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারী অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরন। সেই সঙ্গে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার ২৫ সদস্যের প্রাথমিক দলের নামও ঘোষণা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬২০ ঘ.