২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১১ বছর পর উইন্ডিজের ইংল্যান্ড-জয়

অনেক দিন পর আবার উইজডেন ট্রফি ওয়েস্ট ইন্ডিজের দখলে। সময়ের হিসাবে সেটা দীর্ঘ ১১ বছর। তবে ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারিয়ে উইজডেন ট্রফি জয় করতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে ক্যারিবীয়দের। মঙ্গলবার শেষ টেস্টের শেষ দিনে ২৪০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১১৪ রান করে কোনো রকমে ম্যাচটা ড্র করেছে স্বাগতিকরা। সুবাদে ৫ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ১-০ ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 08:03 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

পোর্ট অব স্পেন, ১১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনেক দিন পর আবার উইজডেন ট্রফি ওয়েস্ট ইন্ডিজের দখলে। সময়ের হিসাবে সেটা দীর্ঘ ১১ বছর। তবে ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারিয়ে উইজডেন ট্রফি জয় করতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে ক্যারিবীয়দের। মঙ্গলবার শেষ টেস্টের শেষ দিনে ২৪০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১১৪ রান করে কোনো রকমে ম্যাচটা ড্র করেছে স্বাগতিকরা। সুবাদে ৫ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ১-০ ব্যবধানে। অথচ ৩ উইকেটে ৮০ রান নিয়ে চতুর্থ দিন শেষ করায় কুইন্স পার্ক ওভালে উল্টো হারের আশঙ্কাই চেপে বসেছিল ইংলিশ শিবিরে। কিন্তু মঙ্গলবার কেভিন পিটারসেন ও ম্যাট প্রায়রের দুটো ঝড়ো ইনিংস সেই শঙ্কা দূর করে দিয়েছে তাদের। ষোড়শ টেস্ট সেঞ্চুরি করার পথে মাত্র ৯২ বলে ৯ বাউন্ডারি ও এক ছক্কায় ১০২ রান করেছেন পিটারসেন। অন্যদিকে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান প্রায়রের ৪৯ বলে ৬১ রানে ছিল ৮টি চার। এই দুজনের তান্ডবের জন্যই মধ্যাহ্ন-বিরতির সময় ৬ উইকেটে ২৩৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে প্রতিপক্ষকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইংল্যান্ড। ৬৬ ওভারে ২৪০ রানের লক্ষ্য কঠিন হলেও অসম্ভব নয় মোটেই। কিন্তু ক্যারিবীয়রা সেই লক্ষ্যের পথে ছোটার চেষ্টাই করেনি। অবশ্য দশ ওভার এবং ৩১ রানের মধ্যে দুই ওপেনার ডেভন স্মিথ (১৭) ও অভিষিক্ত লেন্ডল সিমন্সকে (৮) হারিয়ে ফেলায় কাজটা কঠিন হয়ে যায় তাদের জন্য। চা-বিরতির আগে এই সিরিজে তিনটি সেঞ্চুরি করা রামনরেশ সারওয়ানও (১৪) ফিরে এলে লক্ষ্যটা হয়ে পড়ে আরো দুরতিক্রম্য। তারপরও চা-বিরতির সময় ৩ উইকেটে ৭৮ রান নিয়ে বেশ নির্ভার ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ সেশনের শুরুতেই শিবনারায়ণ চন্দরপলকে (৬) গ্রায়েম সোয়ান এলবিডব্লুর ফাঁদে ফেললে মোড় ঘুরে যায় ম্যাচের। চন্দরপলের মতোই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ব্রেন্ডন ন্যাশ (১) তিন ওভার পর জেমস অ্যান্ডারসনের বলে এলবিডব্লু হলে আরো বিপদে পড়ে যায় ক্যারিবীয়রা। স্বাগতিকদের স্কোর তখন ৫ উইকেটে ৮৫ রান। ন্যাশ ফিরে আসার ৬ ওভার পর রায়ান হাইন্ডসকে (২০) আউট করে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে ৯০ রানে পরিণত করেছেন মন্টি পানেসার। তখনো প্রায় ২৩ ওভার খেলা বাকি থাকায় জয়ের সৌরভ ভালোভাবেই পাচ্ছিল ইংল্যান্ড। কিন্তু তখনই হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েও ক্রিস গেইল মাঠে নেমে দীনেশ রামদিনের সঙ্গে কাটিয়ে দিয়েছেন মূল্যবান ১৩টি ওভার। ৪২ বল খেলে ৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ফিরে গেলেও রামদিনকে (৮৭ বলে অপরাজিত ১৭) আউট করা সম্ভব হয়নি ইংলিশ বোলারদের পক্ষে। স্বাগতিকদের উইকেট কিপার দুই টেলএন্ডার ড্যারেন পাওয়েল (০) ও ফিদেল এডওয়ার্ডসকে (অপরাজিত ১) নিয়ে প্রায় ৯ ওভার কাটিয়ে দিয়ে দলকে এনে দিয়েছেন অমূল্য এক ড্র। যে ড্রয়ের সুবাদে দীর্ঘ ১১ বছর পর আবার উইজডেন ট্রফি ক্যারিবীয়দের অধিকারে! সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড : ৫৪৬/৬ ডিক্লে. (কলিংউড ১৬১, স্ট্রাউস ১৪২, প্রায়র ১৩১*; বেকার ২/৭৭) ও ২৩৭/৬ ডিক্লে. (পিটারসেন ১০২, প্রায়র ৬১; বেকার ২/৩৯, হাইন্ডস ২/৫৭) ওয়েস্ট ইন্ডিজ : ৫৪৪ (চন্দরপল ১৪৭*, ন্যাশ ১০৯, গেইল ১০২; ব্রড ৩/৬৭, সোয়ান ৩/১৩০, পানেসার ২/১১৪) ও ১১৪/৮ (হাইন্ডস ২০, রামদিন ১৭*; সোয়ান ৩/১৩, অ্যান্ডারসন ৩/২৪, পানেসার ২/৩৪)। ফল : ম্যাচ ড্র সিরিজ : ওয়েস্ট ইন্ডিজ ১-০তে জয়ী ম্যান অব দ্য ম্যাচ : ম্যাট প্রায়র ম্যান অব দ্য সিরিজ : রামনরেশ সারওয়ান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৫২ঘ.