২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার লিগের পথে গাজী ট্যাংক

অষ্টম ম্যাচে ষষ্ঠ জয় দিয়ে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে ওঠা একরকম নিশ্চিত করে ফেলেছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। মঙ্গলবার বিকেএসপি মাঠে তারা ৫৭ রানের অনায়াস জয় পেয়েছে সিটি ক্লাবের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 04:20 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, ১০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অষ্টম ম্যাচে ষষ্ঠ জয় দিয়ে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে ওঠা একরকম নিশ্চিত করে ফেলেছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। মঙ্গলবার বিকেএসপি মাঠে তারা ৫৭ রানের অনায়াস জয় পেয়েছে সিটি ক্লাবের বিপক্ষে। এদিকে রেলিগেশন লিগে খেলার আশঙ্কা থেকে নিজেদের প্রায় মুক্ত করে ফেলেছে পারটেক্স। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে তারা চতুর্থ জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের বিপক্ষে, জিতেছে ৬ উইকেটে। মোহামেডানের সঙ্গে টাই দিয়ে লিগ শুরু করা ইয়াং পেগাসাস অবশেষে হারের বৃত্ত থেকে বেরোতে পেরেছে। টানা ছয় ম্যাচে হারের পর মঙ্গলবার প্রথম জয়ের স্বাদ পেয়েছে তারা, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৩৬ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএসকে। এই জয়ের পরও অবশ্য রেলিগেশনের শঙ্কা থেকে মুক্ত নয় পেগাসাস। আট ম্যাচ খেলে তাদের তিন পয়েন্ট, যা দশ নম্বরে থাকা ভিক্টোরিয়ার চেয়ে এক কম। আর ১২ দলের প্রিমিয়ার লিগের সবার নিচে থাকা সিটি ক্লাবের কোনো পয়েন্ট নেই, কারণ তারা আট ম্যাচের সবগুলোতেই হেরেছে। আট ম্যাচ খেলা গাজী ট্যাংকের পয়েন্ট ১২, তারা এখন সূর্যতরুণের সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। ১৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী এবং বিমান। গাজী ট্যাংক বনাম সিটি ক্লাব : পেপসির বিজ্ঞাপনের শুটিংয়ের সময় প্রচুর মেকআপ নিতে হয়েছিল। সেটাই মোহাম্মদ আশরাফুলের এলার্জির সমস্যা বাড়িয়ে তুলেছে। যে কারণে এই ম্যাচে খেলেননি গাজী ট্যাংকের নিয়মিত অধিনায়ক। তার জায়গায় এ ম্যাচে দলকে নেতৃত্ব দেন নাফিস ইকবাল। মোহাম্মদ মিথুন ও মাহমুদুল হাসানের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৪ রানের সংগ্রহ দাঁড় করায় গাজী ট্যাংক। এরপর ৪৬.২ ওভারে সিটি ক্লাবকে ১৭৭ রানে গুটিয়ে দেওয়ার ক্ষেত্রেও সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মাহমুদুলের (৩/২৭) বোলিং। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। যদিও শুরুতে বিপদেই ছিল গাজী ট্যাংক। দুই ওপেনার ইমরুল কায়েস ও আনোয়ার হোসেন রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। তবে মিথুনের ৭৫ ও মাহমুদুলের ৫৩ রানে বিপদ সামলে ভালো স্কোরই গড়ে তারা। দুই ওপেনার রাসেল আল মামুন (৪৩) ও মেশেকুর রহমান (৪৬) ৮০ রানের সূচনা এনে দিলেও এরপর অন্য ব্যাটসম্যানরা সিটি ক্লাবকে জয়ের স্বপ্ন দেখাতে পারেননি। গাজী ট্যাংকের বাঁ হাতি স্পিনার এনামুল হক জুনিয়র (২/২৯) এবং পেসার রুবেল হোসেন (২/৪৩) দুটো করে উইকেট নিয়েছেন। পারটেক্স বনাম ভিক্টোরিয়া : ৪৯ ওভারে ১৭৪ রানে অলআউট ভিক্টোরিয়া দারুণ সুবিধাজনক অবস্থাতেই ছিল পারটেক্স রান তাড়া করতে নামার পর। ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা পারটেক্স যে ৩৮ বল বাকি থাকতেই ৬ উইকেটের অনায়াস জয় তুলে নেবে সেটা তখন ভাবাই যায়নি। কিন্তু পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম (৭১*) ও রাশেদ হানিফের (৬৮*) অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটি সহজ জয় এনে দিয়েছে পারটেক্সকে। যদিও ম্যাচ সেরা এদের কেউ নন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইকবাল হোসেন, যিনি ভিক্টোরিয়াকে অল্প রানে গুটিয়ে দিতে রেখেছেন সবচেয়ে বড় ভূমিকা। ৩৮ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তিনি। ইয়াং পেগাসাস বনাম ওল্ড ডিওএইচএস : টস হেরে ব্যাটিংয়ে নামা ইয়াং পেগাসাস ৪৯.১ ওভারে ২০৩ রানে অলআউট হয়ে যায়। ওপেনার ফয়সাল জাভেদ করেছেন সর্বোচ্চ ৫১ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান সাদেকের। জবাবে ফজলে রাব্বি (৬০) ছাড়া আর কেউই ডিওএইচএসকে জয়ের স্বপ্ন দেখাতে পারেননি। ৪৭.১ ওভারে তারা ১৬৭ রানে অলআউট হয়ে যায়। ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সফলতম বোলার পেগাসাসের রেজাউল করিম। এছাড়া দুটো করে উইকেট নিয়েছেন আবুল বাশার (২/২০) ও ফয়সাল জাভেদ (২/২৪)। ফিফটি করার পর বল হাতেও জ্বলে ওঠায় স্বাভাবিকভাবেই ম্যাচ সেরা হয়েছেন ফয়সাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১২৭ঘ.