২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়াসুরিয়ার ব্যর্থতার পরও মোহামেডানের জয়

দুর্দশাগ্রস্ত ব্যাটিংয়ে প্রাণের সঞ্চার ঘটাতে উড়িয়ে আনা সনাৎ জয়াসুরিয়া প্রথম ম্যাচে ব্যর্থ! বাকিদের অবস্থাও আগের মতোই। তবুও শামসুর রহমান শুভ'র ফিফটিতে ভর দিয়ে কোনোমতে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করানো মোহামেডান তাদের সপ্তম ম্যাচে তৃতীয় জয় পেয়েছে বোলারদের কৃতিত্বে। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে তারা বিকেএসপিকে হারিয়েছে ২৩ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 04:07 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, ৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দুর্দশাগ্রস্ত ব্যাটিংয়ে প্রাণের সঞ্চার ঘটাতে উড়িয়ে আনা সনাৎ জয়াসুরিয়া প্রথম ম্যাচে ব্যর্থ! বাকিদের অবস্থাও আগের মতোই। তবুও শামসুর রহমান শুভ'র ফিফটিতে ভর দিয়ে কোনোমতে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করানো মোহামেডান তাদের সপ্তম ম্যাচে তৃতীয় জয় পেয়েছে বোলারদের কৃতিত্বে। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে তারা বিকেএসপিকে হারিয়েছে ২৩ রানে। মোহামেডান উতরে গেলেও রোববার বিকেএসপির মাঠে প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় চরম ভরাডুবি হয়েছে আবাহনীর সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বিমানের। লিগের শুরু থেকেই রান খরায় ভুগতে থাকা জুনায়েদ সিদ্দিকী অবশেষে এই ম্যাচে রান পেয়েছেন। জাতীয় দলের ওপেনারের ৮৩ রানের সুবাদে ২৩৫ রানে অলআউট হওয়া সূর্যতরুণের বিপক্ষে মাত্র ৯১ রানে অলআউট হয়ে ১৪৪ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জায় ডুবেছে বিমান। চলতি লিগে এই প্রথম হারের স্বাদ পাওয়া বিমান এই ম্যাচ জিতলেই এককভাবে শীর্ষে চলে যেত। টস হেরে ব্যাটিংয়ে নামা মোহামেডান তিন বলের ব্যবধানে দুই ওপেনারকে হারায় এবং দু'জনই রানআউট! এরমধ্যে মিডঅনে পুশ করে রানের জন্য কল দেওয়া জয়াসুরিয়া নন স্ট্রাইকার প্রান্তে পৌঁছে গেলেও শামসুর রহমান শুভ নড়েননি। তাই মাত্র ৯ রান করেই সাজঘরে ফিরতে হয় শ্রীলঙ্কান তারকাকে। ২৮ রানে ২ উইকেট হারানোর পর রকিবুল হাসানকে (১৯) নিয়ে ম্যাচ সর্বোচ্চ ৬৪ রানের পার্টনারশিপ গড়া শামসুর আউট হয়েছেন ৫৯ রান করে। শেষদিকে নাদিমউদ্দিন মিন্টুর অপরাজিত ২১ রানের ইনিংস দুইশোর কাছাকাছি নিয়ে যায় মোহামেডানকে। এই রান তাড়া করতে নামা বিকেএসপি ৪৬.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয় মূলত তারেক আজিজ (২/২৬), ইমন আহমেদ (২/৩২), সোহরাওয়ার্দী শুভ (২/৩৯) এবং মার্শাল আইয়ুবের (২/১৬) বোলিংয়ে। জয়াসুরিয়াও তার বাঁ হাতি স্পিনে ৯ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। বিকেএসপির পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেছেন মমিনুল হক। দলের ব্যাটিং ব্যর্থতার মাঝেও ৫৯ রানের ইনিংস ম্যাচ সেরার পুরস্কার এনে দিয়েছে শামসুর রহমানকে। অন্য ম্যাচে এই পুরস্কারটি অবধারিত হয়ে ছিল জুনায়েদের জন্য। দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস যেখানে ৩০ রানের, সেখানে তিনি ১০২ বলে সাত বাউন্ডারি ও এক ছক্কায় খেলেছেন ৮৩ রানের ইনিংস। এ কারণেই ৭.৩ ওভার বল করে মাত্র ১৯ রানে ৪ উইকেট নেওয়া মোহাম্মদ শাহজাদার দুর্দান্ত বোলিং সত্ত্বেও বড় স্কোর গড়তে সমস্যা হয়নি সূর্যতরুণের। কিন্তু জবাব দিতে নামা বিমানের ব্যাটসম্যানরা দারুণভাবে ব্যর্থ। যেজন্য ২৬ ওভারেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। সর্বোচ্চ ২৩ রান করেছেন হাসানুজ্জামান। ৩৪ রানে ৩ উইকেট নেওয়া পেসার দেলোয়ার হোসেন বিমানকে শুরুতে ধাক্কা দিয়েছিলেন। এরপর তাদের ইনিংসের লেজ ছেঁটে দিয়েছেন স্পিনার সাকলায়েন সজীব। ৩ ওভার বল করে ৪ উইকেট নিতে তার খরচ হয়েছে মাত্র ৭ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৩৩ঘ.