কলম্বো, ৫ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করে আনন্দে ভাসছিলেন, লাহোরে বন্দুকধারীদের গুলিতে হঠাৎ করেই যেন সেই আনন্দ পরিণত হয়েছে বিষাদে। মঙ্গলবারের ওই ঘটনায় পায়ে গুলি লেগেছিল থিলন সামারাবীরার, একদিন পর কলম্বোর একটি হাসপাতালে অস্ত্রোপচার করে অপসারণ করা হয়েছে ঘাতকের বুলেট। এখন ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছেন তিনি।
শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে সামারাবীরার আঘাতটাই ছিল সবচেয়ে আশঙ্কাজনক। বুধবার ভোরে কলম্বোর বিমান বন্দরে পৌঁছানোর সময় স্ট্রেচারেই শুয়ে ছিলেন তিনি, সেখান থেকে সোজা কলম্বোর নওয়ালাকা হাসপাতালে নেওয়া হয় তাকে। ওই দিনই বিকেলে অস্ত্রোপচার করা হয় তার। আড়াই ঘণ্টার অস্ত্রোপচার শেষে তার বাম উরু থেকে অপসারণ করা হয় বুলেট।
অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন ৩২ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান। "এখন আমি বেশ ভালো বোধ করছি। আর কলম্বোতে স্ত্রী-সন্তানদের মাঝে ফিরতে পেরে বেশ খুশি লাগছে"
bdnews24