২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গাকারার মুখে মৃত্যু উপত্যকা থেকে ফিরে আসার বিবরণ

"আমাদের মতো অভিজ্ঞতা কখনো যদি আপনাদের হয়, যদি আপনারা কখনো সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হন এবং সেখান সৌভাগ্যক্রমে বেরিয়ে আসেন তাহলে আপনাদের মন-মানসিকতারই পরিবর্তন হয়ে যাবে"---- মঙ্গলবার লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলার প্রত্যক্ষদর্শী কুমারা সাঙ্গাকারার মন্তব্য। সে রাতে দেশে ফেরার বিমান ধরার জন্য অপেক্ষা করার সময় মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়া সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার বিবরণ দিলেন তিনি। সেই মর্মস্পর্শী, বেদনাবিধুর অভিজ্ঞতা শ্রীলঙ্কার সহ-অধিনায়কের মুখের কথাতেই তুলে ধরা হলো :

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 03:25 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

কলম্বো, ৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "আমাদের মতো অভিজ্ঞতা কখনো যদি আপনাদের হয়, যদি আপনারা কখনো সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হন এবং সেখান সৌভাগ্যক্রমে বেরিয়ে আসেন তাহলে আপনাদের মন-মানসিকতারই পরিবর্তন হয়ে যাবে"---- মঙ্গলবার লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলার প্রত্যক্ষদর্শী কুমারা সাঙ্গাকারার মন্তব্য। সে রাতে দেশে ফেরার বিমান ধরার জন্য অপেক্ষা করার সময় মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়া সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার বিবরণ দিলেন তিনি। সেই মর্মস্পর্শী, বেদনাবিধুর অভিজ্ঞতা শ্রীলঙ্কার সহ-অধিনায়কের মুখের কথাতেই তুলে ধরা হলো : এই নিবন্ধের বিবরণ দেয়ার সময় আমরা দেশে ফেরার বিমান ধরার প্রস্তুতি নিচ্ছি। দিনটা ছিল (আমাদের জন্য) খুবই দীর্ঘ। আমরা পরিবারের সদস্যদের কাছে ফিরে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। সন্দেহ নেই আমরা সবাই খুবই শঙ্কিত। বেশ কিছু দিন ধরেই অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে পাকিস্তানে। তবে আমরা এ ধরনের ঘটনার মুখোমুখি হওয়ার কথা কল্পনাও করতে পারিনি। কোনো স্পোর্টস টিম যে এভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে তা ভেবে আমি এখনো মর্মাহত। সত্যি কথা বলতে কি পাকিস্তানে আমরা সবসময়ই নিজেদের দারুণ নিরাপদ মনে করতাম। এতেই বোঝা যাচ্ছে কতটা নির্বোধ ছিলাম আমরা! এখন আমরা বুঝতে পারছি যে খেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং ক্রিকেটাররা হামলার উর্ধ্বে নয়। 'কেউ কখনো ক্রিকেটারদের হামলা করবে না' জাতীয় সব কথাবার্তাকে এখন ফাঁকা বুলি বলেই মনে হচ্ছে। এতদিন অস্পর্শনীয় থাকলেও আমরা এখন চরমপন্থীদের মূল্যবান লক্ষ্যবস্তুতেই পরিণত হয়েছি। এটা অস্বস্তিকর বাস্তবতা হলেও এর মুখোমুখি আমাদের দাঁড়াতেই হবে। মঙ্গলবারটা অন্য আরেকটা দিনের মতোই শুরু হয়েছিল লাহোরে। সকালে ফিটনেস ট্রেনারের কাছে রিপোর্ট করে, দ্রুত ব্রেকফাস্ট ও এক কাপ কফি খেয়ে সাড়ে আটটার দিকে আমরা মাঠের উদ্দেশে বেরিয়ে পড়লাম। আমরা সবাই তৃতীয় দিনের খেলার দিকে তাকিয়ে ছিলাম। আমাদের চেষ্টাই ছিল সিরিজটা জয় করা। আরেকটা নির্ভেজাল ব্যাটিং উইকেটে আমাদের প্রধান দুশ্চিন্তা ছিল কিভাবে পাকিস্তানের ১৯টা উইকেট তুলে নেয়া যায়। তিন/চারটা পুলিশের গাড়ি-বহরের মাঝে আমাদের টিম বাস ছাড়লো। সেই বহরে প্রায় ১২ জন পুলিশ ও নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা ছিলেন। যাদের মধ্যে ছিলেন মোটর বাইক আরোহীও। পুরো পথে সংযোগ সড়কগুলো ছিল ফাঁকা। আমরা যাতে সহজেই গন্তব্যে পৌঁছাতে পারি সেজন্য আশে-পাশের রাস্তাগুলোও বন্ধ করে দেয়া হয়েছিল। এই অঞ্চলে (উপমহাদেশে) যে কোনো দলের জন্যই এটা ছিল মানসম্পন্ন নিরাপত্তা ব্যবস্থা। স্টেডিয়ামে যাওয়ার পথে তাই আমরা বিন্দুমাত্র দুশ্চিন্তায় আক্রান্ত হইনি। বাসে সবাই স্বাভাবিক সময়ের মতো হাসি-ঠাট্টায় মেতেছিল। খেলোয়াড়রা গল্প করছিল, যেগুলোর বেশির ভাগই লাহোরে কেনা-কাটা সংক্রান্ত। আর ছিল বিভিন্ন চটুল কৌতুক। অন্যরা ক্রিকেট নিয়ে বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রথম সেশন সম্পর্কে আলোচনা করছিল। আমরা বেশ খানিকটা ঘুরপথে গাদ্দাফি স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় অনেকটা পটকার মতো বিকট আওয়াজ শুনলাম। বাসটা থেমে গেল আর কয়েক জন্য কী হয়েছে তা দেখার জন্য সিট থেকে লাফিয়ে উঠলো। তখনই ভেসে এলো চিৎকার, "ওরা আমাদের ওপরে গুলি করছে!" সামনে থেকে আমি শুনলাম "শুয়ে পড়ো, শুয়ে পড়ো" চিৎকার। সঙ্গে সঙ্গে আমরা সবাই ঝাঁপিয়ে পড়লাম মেঝের ওপরে। মুহূর্তের মধ্যে আমরা সবাই মেঝের ওপরে এলোমেলোভাবে একের অন্যের ওপরে শুয়ে পড়লাম। কেউ কেউ আত্মরক্ষার জন্য সিটের নিচের চলে গেল। গুলির আওয়াজ ক্রমেই বাড়ছিল। আমরা বিস্ফোরণের শব্দও পেলাম (এখন আমি বুঝতে পারছি সেগুলো ছিল হ্যান্ড গ্রেনেড)। বাসের চারদিকে গুলি করা শুরু হলো। আমি থিলান সামারাবীরার ঠিক সামনে এবং তরুণ থারাঙ্গা পারানাভিতানার পাশে বসেছিলাম। যে কোনো কারণেই হোক ঘটনাটা দেখার জন্য আমি মাথাটা তুললাম। আর ঠিক তখনই বুঝতে পারলাম একটা গুলি আমার কানের পাশ দিয়ে বেরিয়ে খালি সিটে গিয়ে আঘাত করেছে। সৌভাগ্যক্রমে আমাদের পুরো দলটাই খুব শান্ত ছিল। কেউই তেমন ভয় পায়নি। মিনিট দুয়েক পর আমরা বাস চালককে কয়েক শ' মিটার দূরের স্টেডিয়ামে দ্রুত চলে যাওয়ার অনুরোধ করলাম। সবাই মিলে চেঁচিয়ে উঠলাম , "যাও, যাও, যাও।" সত্যি বলতে কি আমাদের জীবন বাঁচানোর জন্য আমরা সাহসী বাস চালক মোহাম্মদ খলিলের কাছে কৃতজ্ঞ। আমি তো আজীবন তার কাছে কৃতজ্ঞ থাকবো। বাসের চাকায় গুলি করা হয়েছিল, তিনি নিজেও ছিলেন সাংঘাতিক বিপদের মধ্যে। কারণ বাসের সামনে থেকেও গুলি-গোলা ছুটে আসছিল। কিন্তু তিনি আমাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর ছিলেন। যেভাবেই হোক তিনি আবার আমাদের সামনে এগিয়ে নেয়া শুরু করলেন। খলিল ঐরকম সাহসিকতা এবং প্রত্যুৎপন্নমতিত্ব দেখাতে না পারলে আমাদের মধ্যে বেশিরভাগই হয়তো মারা যেত। ১২ জন বন্দুকধারী সন্ত্রাসীর জন্য আমরা মাথা নিচু করে রইলাম। আবার চলা শুরু করার পর বুঝতে পারলাম আমাদের বাস লক্ষ্য করে ছোড়া একটা রকেট লঞ্চার একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ঐ রকেটটা একটা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করেছিল। খলিল দেখেছে একটা হ্যান্ড গ্রেনেড আমাদের দিকে ছুড়ে মারতে। তবে সেটা বিস্ফোরিত হয়নি। কেউ না কেউ নিশ্চয়ই আমাদেরকে রক্ষা করেছে। কারণ এখন মনে হচ্ছে আমাদের বেঁচে যাওয়াটা একেবারেই অলৌকিক ঘটনা। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১২০ঘ.