২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা ভাবছে নিউজিল্যান্ড

নভেম্বর আসতে এখনো অনেক দেরি। কিন্তু মঙ্গলবার লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠান নির্ধারিত নিউজিল্যান্ডের পাকিস্তান সফরও পড়ে গেছে অনিশ্চয়তার মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 12:27 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ওয়েলিংটন, মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- নভেম্বর আসতে এখনো অনেক দেরি। কিন্তু মঙ্গলবার লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠান নির্ধারিত নিউজিল্যান্ডের পাকিস্তান সফরও পড়ে গেছে অনিশ্চয়তার মধ্যে। মঙ্গলবারের ওই ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড ক্রিকেট এনজেড-এর প্রধান নির্বাহী জাস্টিন ভন বার্তা সংস্থা রয়টার্সকে বলেই দিয়েছিলেন, "সফরটা বাতিল করা হয়েছে। আমরা যে যাচ্ছি না এটা বেশ বোঝা যাচ্ছে। আমার মনে হয় না বর্তমান পরিস্থিতিতে কোনো দলই পাকিস্তান সফরে যেতে চাইবে।" কিন্তু পরে আনুষ্ঠানিক এক বিবৃতিতে এনজেড ক্রিকেট-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সফর বাতিলের কথা এখনো ভাবা হচ্ছে এবং তারা ওই সিরিজটা কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখছেন। ভন জানিয়েছেন, সে রকম হলে দুবাই ও আবুধাবিতে হতে পারে সিরিজটি। পাকিস্তান এরই মধ্যে আবুধাবিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ রকম একটি সিরিজ খেলেছে, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটাও সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিতে সম্মত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিডিনিউজ ২৪ ডটকম/এসএইচ/১০৪৪ ঘ.