লাহোর, ৩ মার্চ (বিডিনিউজ ২৪ ডট কম)- পাকিস্তান বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ছেড়ে যাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। লাহোর টেস্টের তৃতীয় দিন দুপুরের দৃশ্য এটা। এই দৃশ্য দেখার জন্য অবশ্য তখন গ্যালারিতে ছিলেন না কোনো দর্শক, কারণ তার আগেই মাহেলা জয়াবর্ধনের দলকে বহনকারী বাসের ওপর অবিশ্বাস্য এক সন্ত্রাসী হামলায় মাঝপথেই শেষ হয়ে গেছে এই ম্যাচ, এবং সিরিজ।
শুধুই কি এই সিরিজ? না, আসলে মাহেলা জয়াবর্ধনের দলের সঙ্গে পাকিস্তানের মাটি থেকে অনির্দিষ্টকালের জন্য বিদায় নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটই। গত কিছুদিন ধরেই নিরাপত্তা নিয়ে আশঙ্কায় বিদেশি দলগুলো পাকিস্তান সফরে আপত্তি জানিয়ে আসছিল। সেই আপত্তি উপেক্ষা করে, ভারতের বাতিল করা সফরের বদলি সফরে পাকিস্তান গিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট দল এ ভাবে আক্রান্ত হওয়ার পর আর কোনো দল যে পাকিস্তান সফরের কথা ভাবনাতেও আনবে না সেটা সহজেই অনুমেয়।
মঙ্গলবারের ওই ঘটনার পর আইসিসির প্রধান নির্বাহী হারুন লোরগাতের কণ্ঠে সেই কথারই প্রতিধ্বনি, "অদূর ভবিষ্যতে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট দেখা কঠিন হবে।"
তবে এই অদূর ভবিষ্যত মানে কতদূর, সেটা এখনই অনুমান করতে চায় না ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। বিশেষ করে ২০১১ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কোনো মন্তব্য করার সময় এখনো আসেনি বলেই মনে করেন আইসিসির সভাপতি ডেভিড মরগ্যান। মঙ্গলবার উদ্ভুত ঘটনা নিয়ে লর্ডসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইসিসি প্রধান বলেছেন, "এখনকার ঘটনার প্রেক্ষিতে ভবিষ্যত নিয়ে জল্পনা-কল্পনার কোনো প্রয়োজন নেই। আমাদের বিশ্বাস করতে হবে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সব সময় এমন খারাপ থাকবে না।"
২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ এশিয়ার চারটি দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ২০০৮ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও হওয়ার কথা ছিল পাকিস্তানে, কিন্তু নিরাপত্তা সংক্রান্ত কারণেই অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ অংশগ্রহণকারী বেশ কটি দেশের আপত্তির কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছিল তা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড তখন জোর গলায় আপত্তি করেছিল এই বলে যে পাকিস্তানে সন্ত্রাসী হামলা নিয়মিত ব্যাপার হলেও সফরকারী ক্রিকেট দলের নিরাপত্তা বিঘি
bdnews24