করাচি, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দর্শক টানতে পুরস্কারের ব্যবস্থা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, কিন্তু তারপরও শ্রীলঙ্কা-পাকিস্তান প্রথম টেস্টের খেলা দেখতে করাচির ন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যাচ্ছে না কোনো ভিড়। পাকিস্তানের অধিনায়ক ইউনিস খান মনে করেন, এর জন্য দায়ি আসলে মাঠের অবস্থা, বিশেষ করে উইকেটের।
এই ম্যাচের প্রথম তিনদিনে দুটি ডাবল সেঞ্চুরি আর একটি সেঞ্চুরি হয়েছে, কিন্তু ব্যাটসম্যানদের এই সাফল্য ম্যাচটাকে করে তুলেছে উত্তেজনাহীন। ম্যাড়ম্যাড়ে ড্রয়ের দিকেই এগোচ্ছে এক বছরেরও বেশি সময় পর পাকিস্তানের মাটিতে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচটি। এমন ম্যাচ দেখতে দর্শকের আগ্রহই বা থাকবে কেন? ইউনিস তাই বলছেন, "এমন মরা উইকেটে লোকে খেলা দেখতে আসবে এটা আশা করি কীভাবে?"
সমাধানের পথটাও বাতলে দিয়েছেন তিনি, "আমাদের দরকার টেস্ট খেলার উপযোগী উইকেট, যেখানে ভালো, প্রাণবন্ত ক্রিকেট খেলা হবে এবং ফল আসবে। এমন উইকেট, যেখানে রান পেতে ব্যাটসম্যানদের পরিশ্রম করতে হবে। টেস্ট ক্রিকেটের আকর্ষণ ফিরিয়ে আনতেই এটা প্রয়োজন আমাদের।"
এই ম্যাচে দর্শক টানতে অনেক কিছুই করেছে পিসিবি। সাধারণ গ্যালারি উন্মুক্ত করে দেওয়া হয়েছে, অন্য যেখানে টিকেট লাগবে সেখানেও টিকেটের দাম খুব কম। তার ওপর 'সেরা দর্শক'-এর পুরস্কার থাকছে প্রতিদিনই, লটারির মাধ্যমে ম্যাচশেষে দেওয়া হবে আরো একটা পুরস্কার, যার মূল্যমান দুই লক্ষ রুপি। তবু তৃতীয় দিনে শ দুয়েকের বেশি দর্শক আসেননি ইউনিসের সেঞ্চুরি দেখতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬১৫ ঘ.
bdnews24