সেন্ট জন্স, অ্যান্টিগা, ২০ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম ইনিংসে ৯৪ রান করা রামনরেশ সারওয়ান এবার আর সেঞ্চুরি হাতছাড়া করেননি। কিন্তু ম্যাচশেষে সবার মুখে-মুখে ড্যারেন পাওয়েল আর ফিদেল এডওয়ার্ডসের ব্যাটিং-বীরত্বের কথা! শেষ জুটিতে দুজনে 'দীর্ঘ' ১০ ওভার টিকে থাকতে পেরেছেন বলেই তৃতীয় টেস্ট ড্র করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। যে ড্রয়ের মূল্য স্বাগতিকদের কাছে জয়ের চেয়ে কম নয়। সুবাদে ৫ ম্যাচের সিরিজে ১-০র অগ্রগামিতাও ধরে রেখেছে ক্যারিবীয়রা।
৫০৩ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য ছিল উইন্ডিজের সামনে। ৩ উইকেটে ১৪৩ রান নিয়ে চতুর্থ দিন শেষ করায় বৃহস্পতিবার পঞ্চম ও শেষ দিনে তাদের করতে হতো আরো ৩৬০ রান। আর সিরিজে সমতা ফিরিয়ে আনতে ইংল্যান্ডের দরকার ছিল প্রতিপক্ষের আর ৭টি উইকেট। সন্দেহ নেই জয়ের পাল্লা ইংলিশদের দিকেই হেলে ছিল।
বৃষ্টির জন্য ৭৫ মিনিট দেরিতে শুরু হয়েছিল শেষ দিনের খেলা। শুরু থেকেই দারুণ প্রতিরোধ গড়ে তোলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সারওয়ান ও শিবনারায়ণ চন্দরপল। দুজনের ১৪৮ রানের জুটিই পরবর্তী ব্যাটসম্যানদের অনুপ্রেরণা জুগিয়েছে ম্যাচটাকে ড্রয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার।
নতুন বল হাতে নিয়ে সারওয়ানকে বোল্ড করে জুটিটা ভেঙ্গেছেন স্টুয়ার্ট ব্রড। ত্রয়োদশ টেস্ট সেঞ্চুরি করা সারওয়ানের ১৯৬ বলে খেলা ১০৬ রানের দৃঢ়তা ভরা ইনিংসটা সাজানো ছিল ১২টি বাউন্ডারিতে। সারওয়ানের বিদায়ের কিছুক্ষণ পর চন্দরপলও (৫৫) কটবিহাইন্ড! এবং এবারো ক্যারিবীয়দের ঘাতকের নাম ব্রড। তখন মনে হচ্ছিল ইংল্যান্ডের জয়টা শুধুই সময়ের ব্যাপার।
কিন্তু ওয়েস্ট ইন্ডিজের 'বিখ্যাত' টেলএন্ডাররা যে এভাবে প্রতিরোধ গড়ে তুলবেন তা বোধহয় স্বপ্নেও ভাবেননি ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া ব্রেন্ডন ন্যাশ এবং উইকেট কিপার দীনেশ রামদিনের বিশোর্ধ্ব দুটো ইনিংসের মাধ্যমে ইংলিশদের আবার হতাশার সূচনা। গ্রায়েম সোয়ান ন্যাশকে (২৩) এলবিডব্লু এবং জেমস অ্যান্ডারসন রামদিনকে (২১) এলবিডব্লু করে সেই হতাশার মাঝে আশার আলো জ্বালিয়েছিলেন।
তবে সেই আশা দূরাশায় পরিণত হতেও সময় লাগেনি। জেরম টেলর (২৮ বলে ১১) আর সুলেমান বেনের (৩৪ বলে ২১) প্রতিরোধ ম্যাচটা অমীমাংসিত রাখতে দারুণ সাহায্য করেছে স্বাগতিকদের। তবে সবাইকে ছাপিয়ে গেছেন পাওয়েল আর এডওয়ার্ডস।
সোয়ান বেনকে এলবিডব্লুর ফাঁদে ফেললে শেষ ব্যাটসম্যান হিসাবে ক্রিজে আসেন এডওয়ার্ডস। ইংল্যান্ড তখন জয়ের স্বপ্নে বিভোর। 'বার্মি আর্মি' পরিচিত তাদের সমর্থকরা বিজয়োৎসব উদযাপনের প্রস্তুতিও নিয়ে ফেলেছে মানসিকভাবে।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এডওয়ার্ডসকে সঙ্গে নিয়ে বিস্ময়কর প্রতিরোধ গড়ে তুলেছেন পাওয়েল। চারপাশ ঘিরে ধরা ফিল্ডারদের সামনে মাথা ঠান্ডা রেখে দুজনে খেলেছেন ১০টি উত্তেজনাপূর্ণ, রোমাঞ্চকর ওভার। তারপরই ক্যারিবীয়দের জন্য দুই আম্পায়ারের সেই 'মধুর' প্রস্তাব!
মাঠে আগে থেকেই আলো কমে আসছিল। স্বাগতিকদের স্কোর যখন ৯ উইকেটে ৩৭০ রান তখন শেষ দুই ব্যাটসম্যানের সামনে স্বল্প আলোতে খেলা চালিয়ে যাবেন কিনা সেই প্রশ্ন রাখেন ড্যারিল হার্পার ও রুডি কোয়ের্টজেন। পাওয়েল আর এডওয়ার্ডসের না-বোধক উত্তরের সঙ্গে সঙ্গেই সমাপ্তি ঘটে রোমাঞ্চ আর নাটকীয়তায় ভরা তৃতীয় টেস্টের। পাওয়েল তখন ৫৫ বল খেলে ২২ রানে অপরাজিত। অন্যদিকে ৫ রানে অপরাজিত থাকা এডওয়ার্ডস খেলেছেন ২৬টি মূল্যবান বল।
তিন বছর আগে এই অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডেই উইন্ডিজের ৯ উইকেট ফেলে দিয়েও জিততে পারেনি ভারত। বৃহস্পতিবার পাওয়েল আর এডওয়ার্ডস সেই টেস্টের স্মৃতিই ফিরিয়ে আনলেন। দুজনের অসাধারণ ব্যাটিং-বীরত্বের জন্যই ৯৪ আর ১০৬ রানের দুটো দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত সারওয়ানের কৃতিত্বও অনেকখানি ম্লান!
বার্বাডোজের ব্রিজটাউনে বৃহস্পতিবার থেকে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড ১ম ইনিংস : ৫৬৬/৯ ডিক্লে. (স্ট্রাউস ১৬৯, কুক ৫২, ওয়েইস শাহ ৫৭, পিটারসেন ৫১, অ্যান্ডারসন ৪, কলিংউড ১১৩, ফ্লিনটফ ০, প্রায়র ৩৯, ব্রড ৪৪, সোয়ান ২০*, অতিরিক্ত ১৭; টেলর ২/৭৩, এডওয়ার্ডস ২/৭৫, পাওয়েল ০/১০৩, গেইল ১/৪১, বেন ০/১৪৩, হাইন্ডস ২/৮৬, ন্যাশ ০/২১)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ২৮৫ (গেইল ৩০, স্মিথ ৩৮, পাওয়েল ২২, সারওয়ান ৯৪, হাইন্ডস ২৭, চন্দরপল ১, ন্যাশ ১৮, রামদিন ০, টেলর ১৯, বেন ০, এডওয়ার্ডস ১*,অতিরিক্ত ৩৫; অ্যান্ডারসন ০/৫৫, ফ্লিনটফ ৩/৪৭, হার্মিসন ১/৪৪, ব্রড ১/২৪, সোয়ান ৫/৫৭, পিটারসেন ০/১৪, কলিংউড ০/২২)
ইংল্যান্ড ২য় ইনিংস : ২২১/৮ ডিক্লে. (স্ট্রাউস ১৪, কুক ৫৮, অ্যান্ডারসন ২০, ওয়েইস শাহ ১৪, পিটারসেন ৩২, কলিংউড ৩৪, প্রায়র ১৫*, ব্রড ১, ফ্লিনটফ ০, হার্মিসন ৭*, অতিরিক্ত ২৬; এডওয়ার্ডস ১/৩৬, টেলর ০/৩৪, পাওয়েল ২/৩৩, বেন ২/৫৮, হাইন্ডস ২/৪৫)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস : ৩৭০/৯ (গেইল ৪৬, স্মিথ ২১, সারওয়ান ১০৬, হাইন্ডস ৬, চন্দরপল ৫৫, ন্যাশ ২৩, রামদিন ২১, টেলর ১১, বেন ২১, পাওয়েল ২২*, এডওয়ার্ডস ৫*, অতিরিক্ত ৩৩; অ্যান্ডারসন ২/৬৮, ব্রড ৩/৬৯, সোয়ান ৩/৯২, হার্মিসন ১/৫৪, ফ্লিনটফ ০/৩২, পিটারসেন ০/১৫, ওয়েইস শাহ ০/১২)
ফল : ম্যাচ ড্র
ম্যান অব দ্য ম্যাচ : রামনরেশ সারওয়ান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৫৩ঘ.
bdnews24