২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন নবাগতকে নিয়ে শ্রীলঙ্কার সামনে পাকিস্তান

১২ জনের মধ্যে তিন জনেরই এখনো টেস্ট অভিষেক হয়নি! অর্থাৎ শনিবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে করাচিতে শুরু হতে যাওয়া দুই টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তান দলে নবাগতদের জয়জয়কার। এই তিন নবাগত হলেন ওপেনার খুররাম মঞ্জুর এবং দুই পেসার সোহেল খান ও মোহাম্মদ তালহা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

করাচি, ২০ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১২ জনের মধ্যে তিন জনেরই এখনো টেস্ট অভিষেক হয়নি! অর্থাৎ শনিবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে করাচিতে শুরু হতে যাওয়া দুই টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তান দলে নবাগতদের জয়জয়কার। এই তিন নবাগত হলেন ওপেনার খুররাম মঞ্জুর এবং দুই পেসার সোহেল খান ও মোহাম্মদ তালহা। খুররাম মঞ্জুর ও সোহেল খান অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে অপরিচিত মুখ নন। টেস্ট না খেললেও দুজনই ওয়ানডে খেলেছেন। কিন্তু মোহাম্মদ তালহার এখনো জাতীয় দলের হয়ে কোনো পর্যায়েই খেলার সৌভাগ্য হয়নি। নতুনের আবাহন ছাড়াও এই টেস্ট পাকিস্তানের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও ভারত নিরাপত্তাহীনতার কারণে পাকিস্তান সফর বাতিল করায় প্রায় ১৪ মাস পর এটাই তাদের প্রথম টেস্ট। সেই টেস্টে স্বাগতিকদের অধিনায়কও নতুন। আগে মাঝে-মধ্যে দলকে নেতৃত্ব দিলেও অধিনায়ক হিসাবে এটাই ইউনিস খানের প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ। সেই সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের ১২ জনের দলের ৫ জনই স্পেশালিস্ট বোলার। শুক্রবার এক সংবাদ সম্মেলনে দলে বোলারদের আধিক্যের কারণ হিসাবে ইউনিস খানের ব্যাখ্যা, "এই ম্যাচের জন্য আমরা প্রাণবন্ত ও স্পোর্টিং পিচ চেয়েছি। কারণ বোলিংই আমাদের বড় শক্তি। তাই ১২ জনের দলে ৫ জন স্পেশালিস্ট বোলার রেখেছি আমরা।" ২০০৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে হেরে পাকিস্তান বিদায় নেয়ার পর সরিয়ে দেয়া হয়েছিল তখনকার অধিনায়ক ইনজামাম-উল হককে। সে সময় ইউনিস খানকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দেয়া হলেও সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এরপরেও অধিনায়ক হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু তার জুড়ে দেয়া নানা শর্ত মনঃপূত হয়নি পাকিস্তান ক্রিকেটের কর্মকর্তাদের। তবে এবার কোনো ধরনের শর্ত না দেয়ারই অঙ্গীকার করেছেন পাকিস্তানের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান, "অতীতে আমার কাছে যখনই অধিনায়ক হওয়ার প্রস্তাব এসেছে তখনই শর্ত দিয়েছি আমি। তবে এবার আমি এসেছি কোনো ধরণের শর্ত ছাড়াই।" ইউনিস খানের যেখানে শুরু সেখানেই মাহেলা জয়াবর্ধনের শেষ! হ্যাঁ, শ্রীলঙ্কার অধিনায়ক হিসাবে এটাই হতে যাচ্ছে জয়াবর্ধনের শেষ সিরিজ। আগেই এই সিরিজশেষে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো ঘোষণা দিয়েছেন তিনি। এবং এই সিরিজে ব্যাট হাতে দায়িত্বপূর্ণ ভূমিকা পালনেরই অঙ্গীকার করলেন বাজে ফর্মে থাকা জয়াবর্ধনে, "আমি এই সিরিজকে অন্য সিরিজের মতোই দেখছি। নিজের দেশকে নেতৃত্ব দেয়াটা সব সময়ই উপভোগ করেছি আমি। কিন্তু এখন আমি চাইছি খেলোয়াড় হিসাবে আরো বেশি ভূমিকা রাখতে। আমার জন্য এটা ভালো ব্যাটিং পারফরম্যান্সের দারুণ সুযোগ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৫৬ঘ.