২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষিক্ত নর্থের সেঞ্চুরির পর বিপদে দক্ষিণ আফ্রিকা

২৯ বছর বয়সে টেস্ট অভিষেককে তেমন স্বাভাবিক ঘটনা বলা যায় না। টেস্ট ক্রিকেটের কঠিন আঙিনায় আসার জন্য মার্কাস নর্থের এতদিন অপেক্ষার কারণ অবশ্য অস্ট্রেলিয়ার এক ঝাঁক তারকা ক্রিকেটারের উপস্থিতি। তাদের কয়েক জনের অবসর অভিষেকের সুযোগ এনে দিয়েছে তার সামনে। এবং প্রথম সুযোগেই বাজিমাত। অভিষিক্ত নর্থের ১১৭ রানের সুবাদে প্রথম টেস্টে ৪৬৬ রানে প্রথম ইনিংস শেষ করেছে অস্ট্রেলিয়া। জবাব দিতে নামা দক্ষিণ আফ্রিকার অবস্থা তেমন ভালো নয়। শুক্রবার দ্বিতীয় দিনশেষে ৩ উইকেটে ৮৫ রান করেছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 04:15 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

জোহানেসবার্গ, ২৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯ বছর বয়সে টেস্ট অভিষেককে তেমন স্বাভাবিক ঘটনা বলা যায় না। টেস্ট ক্রিকেটের কঠিন আঙিনায় আসার জন্য মার্কাস নর্থের এতদিন অপেক্ষার কারণ অবশ্য অস্ট্রেলিয়ার এক ঝাঁক তারকা ক্রিকেটারের উপস্থিতি। তাদের কয়েক জনের অবসর অভিষেকের সুযোগ এনে দিয়েছে তার সামনে। এবং প্রথম সুযোগেই বাজিমাত। অভিষিক্ত নর্থের ১১৭ রানের সুবাদে প্রথম টেস্টে ৪৬৬ রানে প্রথম ইনিংস শেষ করেছে অস্ট্রেলিয়া। জবাব দিতে নামা দক্ষিণ আফ্রিকার অবস্থা তেমন ভালো নয়। শুক্রবার দ্বিতীয় দিনশেষে ৩ উইকেটে ৮৫ রান করেছে স্বাগতিকরা। তবে শুধু নর্থই নন, অস্ট্রেলিয়ার সাড়ে চার শ' ছাড়ানো সংগ্রহে মিচেল জনসনের অবদানও বিশাল। সঙ্গীর অভাবে সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থামতে হয়েছে তাকে। ১৩১ বলে ক্যারিয়ার সেরা অপরাজিত ৯৬ রান করার পথে ৫টি ছক্কা ও ১০টি বাউন্ডারি মেরেছেন জনসন। অন্যদিকে নর্থের ২৩৩ বলের ইনিংসটা গড়ে উঠেছে ১২ বাউন্ডারিতে। অষ্টম উইকেটে দুজনের ১১৭ রানের জুটি এবং অধিনায়ক রিকি পন্টিং (৮৩), সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক (৬৮) এবং উইকেট কিপার ব্র্যাড হ্যাডিনের (৬৩) তিনটি ফিফটি বড় সংগ্রহের পথে এগিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠেছেন জনসন। নিজের এবং প্রতিপক্ষেরও প্রথম ওভারের পঞ্চম বলেই তিনি কট বিহাইন্ড করেছেন গ্রায়েম স্মিথকে (০)। আরেক অভিষিক্ত বেন হিলফেনহসের করা পরের ওভারের দ্বিতীয় বলে হাশিম আমলাও (১) আউট! ২ রানে ২ উইকেট হারানোর পর অন্য ওপেনার নিল ম্যাকেঞ্জিকে নিয়ে বিপদ থেকে দলকে উদ্ধার করার চেষ্টা করছিলেন জ্যাক ক্যালিস। কিন্তু এই জুটিতে ৪৭ রান ওঠার পর ক্যালিসকে (২৭) মাইকেল হাসির ক্যাচ বানিয়ে প্রোটিয়াদের তৃতীয় বারের মতো ধাক্কা দিয়েছেন পিটার সিডল। দিনশেষে ম্যাকেঞ্জি ৩৫ ও এবি ডিভিলিয়ার্স অপরাজিত ছিলেন ১৩ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২০৫ঘ.