২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শেষ করতে চান অধিনায়ক জয়াবর্ধনে

শ্রীলঙ্কার অধিনায়ক হিসাবে এটাই তার শেষ ম্যাচ। রোববার থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট তাই আবেগঘন অনুভূতির এক ম্যাচ মাহেলা জয়াবর্ধনের জন্য। সেই আবেগময় ম্যাচে জয় পেতে উদগ্রীব শ্রীলঙ্কার বিদায়ী অধিনায়ক। ড্র হওয়া করাচি টেস্টে প্রথম পাকিস্তানি অধিনায়ক হিসাবে ট্রিপল সেঞ্চুরি করা ইউনিস খানের মনেও জয় ছাড়া আর কিছু নেই। অর্থাৎ জমজমাট এক লড়াইয়ের পটভূমি প্রস্তুত লাহোরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 01:48 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

লাহোর, ২৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলঙ্কার অধিনায়ক হিসাবে এটাই তার শেষ ম্যাচ। রোববার থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট তাই আবেগঘন অনুভূতির এক ম্যাচ মাহেলা জয়াবর্ধনের জন্য। সেই আবেগময় ম্যাচে জয় পেতে উদগ্রীব শ্রীলঙ্কার বিদায়ী অধিনায়ক। ড্র হওয়া করাচি টেস্টে প্রথম পাকিস্তানি অধিনায়ক হিসাবে ট্রিপল সেঞ্চুরি করা ইউনিস খানের মনেও জয় ছাড়া আর কিছু নেই। অর্থাৎ জমজমাট এক লড়াইয়ের পটভূমি প্রস্তুত লাহোরে। ২৭ ম্যাচের ১৫টিতে জয়, ৭টায় হার, ৫টি ড্র --- টেস্টে অধিনায়ক জয়াবর্ধনের পরিসংখ্যান। নিঃসন্দেহে পরিসংখ্যানটা যথেষ্ট সমৃদ্ধ। এর সঙ্গে এশিয়া কাপের শিরোপা এবং বিশ্বকাপের রানার্সআপ ট্রফি মিলিয়ে তিনি শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। সেই সম্মান সমুন্নত রাখার লক্ষ্যে অধিনায়ক হিসাবে বিদায়ী টেস্টে জয় পেতে চাইছেন জয়াবর্ধনে, "আমাদের একটা কাজ বাকি আছে। গত মাসে এখানে ওয়ানডে সিরিজ জিতেছিলাম আমরা। প্রতিপক্ষের মাটিতে টেস্ট সিরিজে জয় সবসময়ই দলের জন্য ভালো।" বয়স তেমন বেশি নয়, ৩১ বছর। একজন ব্যাটসম্যানের জন্য এটা তেমন বয়স না হলেও ভবিষ্যতের কথা ভেবে এই সিরিজশেষে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়ে রেখেছেন জয়াবর্ধনে। এবং সেজন্য তার মনে কোনো আফসোসও নেই, "ক্রিকেটের বিচারে আমি একটা হিসাবী সিদ্ধান্ত নিয়েছি। নেতৃত্ব গুণাবলী সম্পন্ন কয়েক জন খেলোয়াড় রয়েছে আমাদের। আমি মনে করি তাদের কারো সুযোগ পাওয়ার এটাই সময়। আমি শুধু (মাঠে থেকে) দলকে সমর্থন দিতে চাই এবং তাদের পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করতে চাই।" অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর আরো ভালো খেলার ব্যাপারেও আশাবাদী জয়াবর্ধনে, "শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেয়া বিরাট সম্মানজনক ঘটনা। প্রত্যেক অধিনায়ক ও খেলোয়াড়ের মতো ভালো-খারাপ দু ধরণের মুহূর্তই আপনার জীবনে আসবে। আশা করি অধিনায়কত্ব ছেড়ে দেয়ার পর আরো ভালো ক্রিকেটারে পরিণত হবো আমি।" জয়াবর্ধনের যেখানে শেষ ইউনিস খানের সেখানেই শুরু। অধিনায়ক হিসাবে এটাই ইউনিসের প্রথম টেস্ট সিরিজ। করাচিতে ৩১৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা পাকিস্তানের নতুন অধিনায়কও লাহোরে জয়ের আশায় উদ্বেল, "(করাচিতে) আমরা সাহসের সঙ্গে ব্যাট করেছি আর দ্বিতীয় ইনিংসে ভালো বল করেছি। তাই ভালো ফিল্ডিং করে ক্যাচ নিতে পারলে আমরা জিততেও পারি। তবে ওরাও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। কারণ (অধিনায়ক হিসাবে) এটাই জয়াবর্ধনের শেষ টেস্ট। এবং সে নিশ্চয়ই জিততে চাইবে। তবে আমরাও ওদের জন্য প্রস্তুত। করাচিতে ভালো পারফরম্যান্সের পর আমাদের দলটা যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৪৬ঘ.