ব্রিজটাউন, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এই ম্যাচে খেলারই কথা ছিল না তাদের কারো। অ্যান্ড্রু ফ্লিন্টফের ইনজুরি, আর ম্যাট প্রিয়রের 'ছুটি' নেওয়ায় সুযোগ পেয়ে রবি বোপারা আর টিম অ্যামব্রোস দারুণভাবে কাজে লাগিয়েছেন সেটা। বোপারার সেঞ্চুরি (১০৪) আর অ্যামব্রোসের অপরাজিত ৭৬ রানে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৬০০ রানের বিশাল সংগ্রহ গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। জবাবে দিনশেষে স্বাগতিকরা অধিনায়ক ক্রিস গেইলের উইকেটটি হারিয়ে তুলেছে ৮৫ রান।
এক বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক সিরিজে তিন টেস্টে টানা তিনবার শূন্য রানে আউট হওয়া বোপারা ৮.৪০ গড়ে তুলতে পেরেছিলেন মাত্র ৪২ রান। এরপর দলে ফেরার স্বপ্ন দেখা কঠিন, এক সপ্তাহ আগেও সেটা স্বপ্নের মতোই ছিল তার কাছে। কিন্তু ইংল্যান্ড 'এ' দলের হয়ে নিউজিল্যান্ড সফররত এই অলরাউন্ডার হঠাৎ করেই পেয়েছেন সুখবরটা
bdnews24