অ্যাডিলেড, ৯ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "একটা জয় পাওয়ায় আমাদের রোমাঞ্চিত হওয়ার কোনো অবকাশ নেই। তবে আশা করি অ্যাডিলেডে অনেকখানি আত্মবিশ্বাস নিয়ে নামতে পারবো আমরা"--- মঙ্গলবার নিউজিল্যান্ডের সঙ্গে চতুর্থ ওয়ানডের আগে একই সঙ্গে আশাবাদী ও সতর্ক রিকি পন্টিংয়ের মন্তব্য। সতর্ক না হয়ে অবশ্য উপায়ও নেই। এই ম্যাচ হারা মানেই সিরিজ হাতছাড়া হয়ে যাওয়া। ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা অস্ট্রেলীয় অধিনায়ক তাই সতীর্থদের উজ্জীবিত করার পাশাপাশি সাবধানবাণীও ছড়িয়ে দিচ্ছেন তাদের কানে।
প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর পন্টিংকে দু ম্যাচের জন্য বিশ্রাম দিয়েছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। কারো কারো অবশ্য ধারণা সেটা ছিল অধিনায়ককে নির্বাচকদের এক ধরণের হুঁশিয়ারি। সে যা-ই হোক দু ম্যাচ নয়, এক ম্যাচ পরেই মাঠে ফিরেছেন পন্টিং। রোববার সিডনিতে অনুষ্ঠিত সেই ম্যাচে নিজে ১৬ রানের বেশি করতে না পারলেও তার দল জিতেছে ৩২ রানে। টানা ৫ ম্যাচ পরাজয়ের পর যে জয়ের সুবাদে চ্যাপেল-হ্যাডলি ট্রফি জেতার স্বপ্নও বেঁচে রয়েছে দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া অস্ট্রেলিয়ার।
সিডনি ক্রিকেট মাঠে পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসা পন্টিংয়ের দলের জন্য সবচেয়ে স্বস্তিদায়ক তথ্য দুই ওপেনারের দারুণ ব্যাটিং। মাইকেল ক্লার্ক ও ব্র্যাড হ্যাডিনের কেউই নিয়মিত ওপেনার না হলেও রোববার তারা গড়েছেন ১৩৫ রানের এক দুর্দান্ত জুটি। গত বিশ্বকাপের ফাইনালের পর ওয়ানডেতে এটাই অস্ট্রেলিয়ার সেরা উদ্বোধনী জুটি।
নিউজিল্যান্ড আবার এতটা স্বস্তিতে নেই। কিউইদের জন্য সবচেয়ে অস্বস্তিকর খবর উইকেট কিপার ব্রেন্ডন ম্যাককালামের ইনজুরি। রোববার কাইল মিলসের একটি বলে ডান কাঁধে ব্যথা পাওয়ায় অ্যাডিলেডে তাকে পাওয়া নিয়ে বেশ সংশয়ে আছে ড্যানিয়েল ভেট্টোরির দল। আর ম্যাককালামের না থাকা মানেই একসঙ্গে দুটো ক্ষতি। উইকেট কিপিং ছাড়াও তার আক্রমণাত্মক ব্যাটিং নিউজিল্যান্ডের জন্য এক বিরাট সম্পদ। এমনিতে ওয়ানডেতে ওপেন করলেও তৃতীয় ম্যাচে ইনজুরির জন্য ৯ নম্বরে নেমেছিলেন ম্যাককালাম। এবং ২৭ বলে ৩৬ রান করে দলের জয়ের আশাও বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু তিনি আউট হওয়ার পর ৩০২ রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি কিউইরা। আর পারেনি বলেই চ্যাপেল-হ্যাডলি ট্রফির সব উত্তেজনাও শেষ হয়ে যায়নি।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২১০ঘ.
bdnews24