ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও রানার্স-আপ বিমান বাংলাদেশ দারুন সূচনা করলেও ক'দিন আগে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের শিরোপাজয়ী মোহামেডান স্পোর্টিং ক্লাব ধাক্কা খেয়েছে।
রোববার লিগের প্রথম দিনে ওপেনার রনি তালুকদারের (১১৬) সেঞ্চুরি তামম ইকবালের (৯৮) ব্যাটে চেপে আবাহনী ৫৭ রানে হারিয়েছে নবাগত ক্রিকেট কোচিং স্কুলকে। আর দুুই হাফ সেঞ্চুরিয়ান জহুরুল ইসলাম ও সানোয়ার বিমানকে ৫ উইকেটে জিতিয়েছেন তারকাখচিত গাজী ট্যাংকের বিপক্ষে। তবে প্রথম দিনেই জমে উঠা মোহামেডান-ইয়াং পেগাসাসের ম্যাচটি শেষপর্যন্ত টাই হয়েছে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রিমিয়ারে নবাগত ক্রিকেট কোচিং স্কুল টস জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠিয়ে ব্যাটিং তাণ্ডবের মুখোমুখি হয়। দুই ওপেনার রনি তালুকদার ও তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে আবাহনী ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ৩২০ রান। রনি ১২৪ বল খেলে তিনটি ছক্কা ও ১১টি বাউন্ডারির সাহায্যে করেন ১১৬। তামিম সেঞ্চুরি মিস করেছেন মাত্র দুই রানের জন্য, তার ৯৮ রানের ইনিংসে আছে তিনটি ছক্কা ও ৮টি চার। জবাবে সিসিএস ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৩ রান তুলেছে। মম ৬৩ রান এবং উত্তম ৫৮ রান করেছেন। আবাহনীর রেজাউল করিম ৪৭ রানে ৩ উইকেট নিয়েছেন।
নারয়াণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে গাজী ট্যাংক টস জিতে ব্যাটিং নিয়ে বড় স্কোর দাঁড় করাতে পারেনি। আশরাফুল (১৮) ব্যর্থ হলেও ইমরুল কায়েস (৫১) ও মল্লিকের (৫০) হাফ সেঞ্চুরিতে গাজী ট্যাংক ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৫ রান করে। কিন্তু সানোয়ারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ওই টার্গেট টপকাতে সেরকম বেগ পেতে হয়নি বিমান বাংলাদেশকে। জহুরুল ইসালাম (৫৮) ও সাকিব আল হাসান (৪৪) ফিরে যাওয়ার পর সানোয়ার ৮০ বলে অপরাজিত ৭৩ রানের এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে ফিরেছেন। বিমান ৪৬.৫ ওভারে ৫ উইকেটে ২৩৭ রান করে ৫ উইকেটে হারিয়েছে গাজী ট্যাংককে।
বিকেএসপিতে টস জিতে মোহামেডান ব্যাটিংয়ে পাঠায় ইয়াং পেগাসাসকে। সেই থেকেই পেগাসাস বিপদে। মোহামেডানের চমৎকার বোলিংয়ে বিপক্ষে ওপানের রাহাদ সাদেক (৬৩) ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারানো পেগাসাস ৪৭.৩ ওভারে ১৯২ রান তুলতেই অলআউট হয়ে যায়। মোহামেডানের মুরাদ (৪/৩৭), সোহরাওয়ার্দী শুভ (৩/৩৯) দারুন বোলিং করেছেন। তাতে কিন্তু জয়ের পথ সুগম হয়নি। ৪৯.২ ওভারে মোহামেডানও ওই ১৯২ রান তুলেই অলআউট হয়ে যায়। ফল মোহামেডান- ইয়াং পেগাসাস ম্যাচ টাই। উল্লেখযোগ্য সংগ্রহ ওপেনার শামসুর রহমান (৪৬) সোহরাওয়ার্দী শুভর (৪০)। পেগাসাসের জাকারিয়া ইমতিয়াজ, নুবিন পিরিস ও রুহুল আমিন নিয়েছেন দুটো করে উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০৫ঘ.
bdnews24