ঢাকা, ৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- উন্মোচন পর্বশেষে ট্রফি নিয়ে ছবির জন্য পোজ দিলেন তিন অধিনায়ক- বাংলাদেশের সালমা খাতুন, পাকিস্তানের উরুজ মমতাজ খান এবং শ্রীলঙ্কার শশীকলা সিরিবর্ধনে। এমন দৃশ্য এর আগে কখনো দেখেনি এদেশের ক্রিকেট। এর আগে বাংলাদেশে মহিলাদের ত্রিদেশীয় সিরিজ হলে তো দেখবে! এবারই প্রথম এধরনের আয়োজন ৬ ফেব্র"য়ারি থেকে মাঠে গড়াচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। আর এই আসরের টাইটেল স্পনসর হয়েছে দেশের শীর্ষস্থানীয় মুঠোফোন সংস্থা গ্রামীণফোন।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন্স অফিসার রুবাবা দৌলা জানান, টাইটেল স্পনসর হওয়ার বিনিময়ে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দিচ্ছে ৭ লাখ টাকা। তবে এর বাইরেও তারা টুর্নামেন্ট প্রমোশনের পেছনে আরো ৮ লাখ টাকা খরচ করবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান আজিজ আল কায়সার, তার কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ ফরহাদ আহমেদ এবং ওমেন্স উইংয়ের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।
মার্চে অস্ট্রেলিয়ায় বসছে মহিলা বিশ্বকাপের আসর। তার আগে পাকিস্তান ও শ্রীলঙ্কার মহিলা দলের জন্য এই ত্রিদেশীয় সিরিজই প্রস্তুতির শেষ সুযোগ। আর জিপি ওমেন্স ট্রাইনেশন সিরিজে এই দু'দলের ম্যাচই শুধু একদিনের আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পাবে। কারণ বাংলাদেশের ওয়ানডে স্ট্যাটাস নেই। তাই পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো প্রদর্শনী ম্যাচের মর্যাদাই পাবে একরকম। যদিও এই আসরকে সর্বোচ্চ পর্যায়ে নিজেদের প্রমাণের সুযোগ হিসেবেই দেখছে স্বাগতিকরা।
বাংলাদেশে মহিলা ক্রিকেটই চালু হয়েছে ২০০৬ সালে। মালয়েশিয়ায় এসিসি ট্রফি জয় আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রথম সাফল্য। ওই ট্রফি জিতে শ্রীলঙ্কায় গত বছর অনুষ্ঠিত এশিয়া কাপে খেলার ছাড়পত্র পায় বাংলাদেশ। এশিয়া কাপে তারা পাকিস্তানের বিপক্ষে খেলা দুই ম্যাচের প্রথমটায় জিতেছিল। জেতার সুযোগ এসেছিল পরের ম্যাচেও। এই ত্রিদেশীয় সিরিজ খেলতে নামার আগে পাকিস্তানের বিপক্ষে ওই সাফল্যই অনুপ্রেরনা জোগাচ্ছে বলে জানালেন বাংলাদেশের অধিনায়ক সালমা। তার দলের লক্ষ্য কী, জানতে চাওয়া হলে বললেন, "আমাদের বোলিং অ্যাটাক খুবই শক্তিশালী। ব্যাটসম্যানরা যদি বোলারদের সমানতালে লড়তে পারে, তাহলে আমাদের পক্ষে শিরোপা জেতাও সম্ভব।"
শ্রীলঙ্কার অধিনায়ক সিরিবর্ধনে জানালেন, এশিয়া কাপ আয়োজনের পর থেকে তার দেশে মহিলাদের ক্রিকেট ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে। বিশ্বকাপের আগে এই আসরে নিজেদের সেরাটা ঢেলে দিতে চান, "এই টুর্নামেন্টকে খুব সিরিয়াসলি নিচ্ছি আমরা। কারণ বিশ্বকাপের আগে এটাই আমাদের শেষ টুর্নামেন্ট। আমরা নিজেদের সেরা খেলাটাই খেলতে চেষ্টা করবো।" পাকিস্তান অধিনায়ক মমতাজের মুখেও একই কথা, "পাকিস্তানে মেয়েদের ক্রিকেট খেলাটা এখনো খুব সহজ কাজ নয়। এই টুর্নামেন্টে আমাদের সামর্থ্যরে ছাপ রেখে যেতে চাই।"
৬ থেকে ৯ ফেব্র"য়ারির মধ্যে বগুড়ায় হবে এই টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ। পরের তিনটি হবে খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। আর ১৭ ফেব্র"য়ারি ফাইনাল হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২৫ঘ.
bdnews24