কলম্বো, ২ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জিততে অপেক্ষা করতে হয়েছে সুদীর্ঘ ২৩ বছর। গত আগস্টে সেই লক্ষ্যপূরণ করা ভারতের সামনে ছয় মাসের মধ্যে আরেকটি লঙ্কা-বিজয়ের হাতছানি! মঙ্গলবার তৃতীয় ওয়ানডেতে জয় পেলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে মহেন্দ্র ধোনির 'টিম ইন্ডিয়া'র।
প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ জয়ের সুবাস পাওয়া ধোনি কিন্তু এই ম্যাচের আগে ভীষণ সতর্ক। সতীর্থদের আত্মপ্রসাদে ভোগার কোনোরকম সুযোগ দিতে চাইছেন না বলেই ভারত অধিনায়কের কণ্ঠে সতর্কবাণী, "অলরাউন্ড গেমে আমাদের আরো বেশি ধারাবাহিক হতে হবে। এই একটি জায়গায় লক্ষ্যস্থির করতে হবে আমাদের। বিশেষ করে ভালো দলের বিপক্ষে খেলার সময় এটা একেবারে অপরিহার্য। ভুল করার কোনো সুযোগই নেই।"
ঘরের মাঠে ভারতের কাছে আরেকটি ওয়ানডে সিরিজ পরাজয়ের আশঙ্কায় জর্জরিত শ্রীলঙ্কার সামনে এখন প্রতিপক্ষ ছাড়াও বড় বাধা ইতিহাস। ওয়ানডেতে মাত্র দুবারই ০-২ ব্যবধানে পিছিয়ে পড়া দল পাঁচ ম্যাচের সিরিজ জিততে পেরেছে এখন পর্যন্ত। প্রথমবার ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের বিপক্ষে। ২০০৫এ প্রোটিয়াদের সেই কৃতিত্বে ভাগ বসিয়েছিল বাংলাদেশ, জিম্বাবুয়েকে হারিয়ে।
তবে শ্রীলঙ্কানদের জন্য এ মুহূর্তে সবচেয়ে বড় সুখবর অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের ফর্মে ফেরা। শনিবার দ্বিতীয় ওয়ানডেতে ১৫ ম্যাচ পর ফিফটি করেছেন জয়াবর্ধনে। সেদিন হেরে গেলেও থিলিনা কানদাম্বির অপরাজিত ৯৩ রানের দারুণ ইনিংসটাও স্বাগতিকদের জন্য এক বড় প্রাপ্তি। এসব প্রাপ্তির যোগফলে মঙ্গলবার রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে পারে কি না সেটাই এখন দেখার!
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৫০ঘ.
bdnews24