ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোট সম্যা দূর হলেও হয়তো ত্রিদেশীয় সিরিজে খেলা হচ্ছে না মাশরাফি বিন মুর্তজার। সম্ভবত তাকে ছাড়াই বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিএল ফেরত দুই ক্রিকেটার আফতাব আহমেদ আর শাহরিয়ার নাফিসের জাতীয় দলে ফেরা অনেকটাই নিশ্চিত। তবে শঙ্কা থাকছে অলক কাপালিকে নিয়ে।
১৮ সদস্যের দল থেকে দুই পেসার মাশরাফি ও সাহাদাত হোসেন এবং ব্যাটসম্যান অলক কাপালীকে বাদ দিয়েই সম্ভবত ঘোষণা করা হবে চূড়ান্ত দল। সেখানে নতুন মুখ, পেসার শফিউল ইসলামও থাকতে পারেন।
জেমি সিডন্স এক প্রকার বলেই দিয়েছেন মাশরাফি ত্রিদেশীয় সিরিজে খেলছেন না। বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাংলাদেশের প্রধান কোচ বলেন,'আমি মনে করি, মাশরাফির এই সিরিজে খেলা উচিত নয়। চিকিৎসকরা তাকে ফিট বললেও আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো অবস্থা এখনও ফিরে পায়নি মাশরাফি।'
কোচ এ-ও বলেছেন, জরুরি প্রয়োজন হলেই কেবল সিরিজের মাঝপথে দলে নেয়া হবে মাশরাফিকে। বোলিংয়ে ছন্দ ফিরে পাওয়ার জন্য মাশরাফিকে আরো সময় দিতে চান তিনি।
দুই নির্বাচক রফিকুল আলম এবং আকরাম খান দল নিয়ে তেমন কিছুই বলতে চাইলেন না। মাশরাফির বিষয়টিও গোপন করার চেষ্টা করেন দুজনই। শেষ পর্যন্ত শুধু এটুকু জানানো হলো,' চার পেসার থাকবে দলে।'
১৫ সদস্যের সম্ভাব্য বাংলাদেশ দল: সাকিব আল হাসান (ভারপ্রাপ্ত অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৈয়দ রাসেল, রকিবুল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন, নাঈম ইসলাম, ইমরুল কায়েস, রুবেল হোসেন, শফিউল ইসলাম, শাহরিয়ার নাফিস, আফতাব আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১২০ ঘ.
bdnews24